২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ দেখছেন স্লট

তবে শিরোপা ধরে রাখার জন্য লিভারপুল পুরোপুরি প্রস্তুত, বলছেন কোচ আর্না স্লট।

প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ দেখছেন স্লট
আর্না স্লট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে দলকে সতর্ক করে দিলেন লিভারপুল কোচ আর্না স্লট। এই মৌসুমে লিগ জেতা আগের চেয়েও কঠিন হবে বলে মনে করেন তিনি।

স্লটের হাত ধরে গত মৌসুমে ১০ পয়েন্টের ব্যবধানে লিগ জিতেছিল লিভারপুল। শিরোপা নিশ্চিত করেছিল তারা চার ম্যাচ বাকি থাকতেই।

গত মৌসুম শেষে লিভারপুল ছেড়ে গেছেন ট্রেন্ট আলেকজ্যান্ডার-আর্নল্ড, দারউইন নুনেস, লুইস দিয়াসের মতো ফুটবলাররা। আবার ফ্লোহিয়ান ভিয়েৎস, মিলোস কেরকেস, ইয়েরেমি ফ্রিমপং, উগো একিতিকের মতো খেলোয়াড়দের দলে টেনেছে অ্যানফিল্ডের দলটি।

ঘরের মাঠে শুক্রবার বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে স্লট বলেন, শিরোপা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তবে তার দল প্রস্তুত আছে বলেই জানিয়ে দিলেন তিনি। 

“আমরা শুরুর একাদশের তিন-চার জন খেলোয়াড়কেই শুধু হারাইনি, আমরা পাঁচ-ছয় জন খেলোয়াড়কে হারিয়েছি, যারা গত মৌসুমে আমাদের জন্য অনেকটা সময় খেলেছে। তারপর আমরা নতুন খেলোয়াড়দের দলে আনলাম, তাই কিছুটা মানিয়ে নেওয়ার ব্যাপার থাকা স্বাভাবিক। লিগ শুরু করার জন্য আমরা অবশ্যই প্রস্তুত।”

“এখানে অনেক প্রতিদ্বন্দ্বী আছে, যারা লিগ জিততে পারে। একবার জেতা খুবই স্পেশাল। আমাদের মতো পাঁচ বছরে দুবার জিততে পারলে তো কথাই নেই কিংবা ম্যানচেস্টার সিটির মতো, যারা আরও ভালো করেছে। সম্ভবত এই বছর প্রতি বছরের তুলনায় কঠিন হতে চলেছে কারণ, প্রতিটি দল নতুন খেলোয়াড়দের দলে এনেছে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বীরাও সেটাই করেছে।”

১৯৮৩-৮৪ মৌসুমের পর থেকে কখনও টানা দুই মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি লিভারপুল।