২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই কোচ থাকলে জাতীয় দলে আর খেলবেন না লেভানদোভস্কি

নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর জাতীয় দল থেকেই সরে দাঁড়ালেন পোল্যান্ডের ইতিহাসের সফলতম গোলস্কোরার রবের্ত লেভানদোভস্কি।

এই কোচ থাকলে জাতীয় দলে আর খেলবেন না লেভানদোভস্কি
কোচের সঙ্গে আস্থার সঙ্কটে সরে দাঁড়ালেন লেভানদোভস্কি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 11:10 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

রবের্ত লেভানদোভস্কিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল কিছুটা চমক জাগানিয়া। এরপর অবশ্য আরও চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানালেন তিনি নিজেই। মিখাও প্রবিয়েশ যতদিন কোচের দায়িত্বে আছেন, ততদিন পোল্যান্ড জাতীয় দলে আর খেলবেন না অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

পোলিশ ফুটবল ফেডারেশন রোববার জানায়, লেভাদোভিস্কর জায়গায় পোল্যান্ডের অধিনায়কত্ব করবেন এখন থেকে পিয়ত্র জেলিনস্কি। নাপোলি থেকে গত বছর ইন্টার মিলানে নাম লেখানো এই মিডফিল্ডারও অনেক অভিজ্ঞ। পোল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলার অপেক্ষায় আছে ৩১ বছর বয়সী মিডফিল্ডার।

ফেডারেনের বিবৃতিতে বলা হয়, “কোচ মিখাও প্রবিয়েশের সিদ্ধান্ত অনুযায়ী পোলিশ জাতীয় দলের নতুন অধিনায়ক এখন পিয়ত্র জেলিনস্কি। এই সিদ্ধান্তের কথা কোচ ব্যক্তিগতভাবে জানিয়েছেন রবের্ত লেভানদোভস্কিকে, গোটা দল ও কোচিং স্টাফদেরকেও। 

ফেডারেশনের বিবৃতির পর বেশ দ্রুতই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান লেভানদোভস্কি।

“পরিস্থিতি বিবেচনায় ও পোলিশ জাতীয় দলের কোচের আস্থা হারানোয় আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতদিন তিনি কোচের দায়িত্বে আছেন, ততদিন পোলিশ জাতীয় দল থেকে দূরে থাকব। আশা করি, বিশ্বের সেরা এই সমর্থকদের জন্য একসময় আবার খেলার সুযোগ পাব আমি।”

গত শুক্রবার প্রীতি ম্যাচে মলদোভার বিপক্ষে ২-০ গোলে জিতেছে পোল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। এই দুই ম্যাচের স্কোয়াড থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন লেভানদোভস্কি। 

বার্সেলোনার হয়ে মৌসুমের শেষভাগে চোটে পড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারেননি। শারীরিক ও মানসিকভাবে চাঙা হয়ে উঠতে জাতীয় দলের ম্যাচ দুটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন তিনি কয়েক দিন আগে। 

“চোট কাটিয়ে ফেরার পর কোচ প্রবিয়েশকে বলেছিলাম, শারীরিকভাবে খুব ভালো অনুভব করছি না আমি, বিশে করে মানসিকভাবে একদম ঠিকঠাক নেই।”

কোচ ও অধিনায়কের মধ্যে আস্থার সঙ্কট এখান থেকেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই ম্যাচের বিরতি এখন কত ম্যাচে গড়ায়, সেটিই দেখার।

পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (১৫৮) খেলা ও সবচেয়ে বেশি গোলের (৮৫) রেকর্ড লেভানদোভস্কির। এই দলের অধিনায়কতব করছেন তিনি সেই ২০১৪ সাল থেকে। 

২০২৩ সালে ফের্নান্তো সান্তোস বরখাস্ত হওয়ার পর কোচের দায়িত্ব পান প্রবিয়েশ। তার কোচিংয়ে পোল্যান্ড গত ইউরোতে খেললেও বিদায় নেয় টুর্নামেন্টে সবার আগে। বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য দুই ম্যাচের দুটিতে জিতে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে পোলিশরা।

সোমবার সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন প্রবিয়েশ। সেখানে নিশ্চিতভাবে উঠে আসবে লেভানদোভস্কির সিদ্ধান্তের প্রসঙ্গও।