১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুইবার পিছিয়ে পড়েও শক্তিশালী জর্ডানের সঙ্গে বাংলাদেশের ড্র

৫৯ ধাপ এগিয়ে থাকা দলকে রুখে দেওয়ার পথে জালের দেখা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

দুইবার পিছিয়ে পড়েও শক্তিশালী জর্ডানের সঙ্গে বাংলাদেশের ড্র
শক্তিশালী জর্ডানকে এবার ড্রয়ে রুখে দিয়েছে মেয়েরা। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 12:15 AM

Updated : 26 Aug 2026, 01:07 PM

পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ার ধাক্কা প্রথমার্ধের শেষ দিকে সামলে নিল বাংলাদেশ। শক্তিশালী জর্ডানের বিপক্ষে সমতার স্বস্তি নিয়ে বিরতিতে গেল মেয়েরা। দ্বিতীয়ার্ধে ফের পিছিয়ে পড়া দলকে পথ দেখালেন শাহেদা আক্তার রিপা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে রুখে দিল বাংলাদেশ।

আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে ২-২ ড্র করেছে বাংলাদেশ। দলের হয়ে জালের দেখা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

এই ম্যাচ দিয়ে মরুদেশটিতে সফর শেষ করল পিটার জেমস বাটলারের দল। প্রথম প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মেয়েরা।

ইন্দোনেশিয়াকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে পঞ্চম মিনিটে তাইয়েহ ফারাহর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৩তম মিনিটে সমতা ফেরান দুটি উইমেন’স সাফ জয়ী ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।

৫৮তম মিনিটে আবারও বিতার বানার লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮২তম মিনিটে সমতা আনেন রিপা। বাকি সময় কোনো দলই পায়নি জয়সূচক গোলের দেখা।

২০২১ সালে উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে আগের দেখায় জর্ডানের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ।।

চলতি মাসের শেষ দিকে মিয়ানমারে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ বাটলার। সে চাওয়া পূরণের পাশাপাশি শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে হার এড়িয়ে নিজেদের উন্নতির ছাপ দেখাল মেয়েরা। এর আগে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে স্বাগতিকদের কাছে দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। দুই ম্যাচে স্কোরলাইন ছিল ৩-১ করে।