বিশ্বকাপের বাকি ২২ দিন: সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন অধিনায়ক
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ২৩ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ট্রফি জয়ী অধিনায়কের গল্প।
সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টিনার দানিয়েল পাস্সারেইয়া। ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে বুয়েন্স আইরেসে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার দিনে এই সেন্টার-ব্যাকের বয়স ছিল ২৫ বছর ৩০ দিন।
তার আগে রেকর্ডটি ছিল ববি মুরের; পাস্সারেইয়ার চেয়ে ৭৯ দিন বেশি বয়সে ১৯৬৬ সালে ইংল্যান্ডকে শিরোপা জেতান মুর।
বিশ্বকাপ জয়ের পর ট্রফিটি নাকি কারো হাতে দিচ্ছিলেন না পাস্সারেইয়া!
তার ওই দলের সতীর্থ মারিও কেম্পেস সেদিনের স্মৃতিচারণ করে পরবর্তীতে বলেন, “সে ট্রফি আঁকড়ে ধরে রেখেছিল এবং কাউকে দিচ্ছিল না। খেলার সময় সে দুই কনুই দিয়ে প্রতিপক্ষকে দূরে রাখার চেষ্টা করতে, এবং ট্রফি নিজের কাছে রাখতে সে একই কাজ করছিল-কেউ তার কাছ থেকে ট্রফিটি নিতে পারেনি (হাসি)। আমি কখনও সেটা ছুঁতেও পারিনি।”
পাস্সারেইয়া (১.৭৩ মিটার) ও লুইস গালভান (১.৭৪ মিটার) দৈহিকভাবে সবচেয়ে খাটো বিশ্বকাপ জয়ী সেন্টার-ব্যাক জুটি। এই পজিশনের তুলনায় বেশ খাটো হলেও, ফুটবল ইতিহাসে হেডে সবচেয়ে বেশি গোল করাদের মধ্যেই আছেন পাস্সারেইয়া।
