সবসময় ইয়ামালকে ‘রক্ষা’ করবেন ফ্লিক
যে কোনো পরিস্থিতিতে তরুণ ফরোয়ার্ডের পাশে থাকার কথা বললেন বার্সেলোনা কোচ।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার আরেকটি লড়াইয়ের আগে ঘুরেফিরে আলোচনায় আসছে আগের ম্যাচে লামিনে ইয়ামালের আচরণ। সংবাদ সম্মেলনে আরও একবার তরুণ ফরোয়ার্ডের জন্য ঢাল হয়ে দাঁড়ালেন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ বললেন, সবসময়ই ইয়ামালের পাশে থাকবেন তিনি, রক্ষা করে যাবেন তাকে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বাংলাদেশ সময় বুধবার রাত একটায় কাম্প নউয়ে শুরু হবে প্রথম লেগ।
গত শনিবার লা লিগায় আতলেতিকোর মাঠ মেত্রোপালিতানোয় মুখোমুখি হয় দল দুটি। ২-১ গোলে জয় পাওয়া ওই ম্যাচ চমৎকার খেললেও, গোল পাননি ইয়ামাল। ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি।
সেদিনই ম্যাচ শেষে ঘটনার ব্যাখ্যা করেন ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে উঠল সেই প্রসঙ্গ। মনে করিয়ে দিলেন, ইয়ামালের বয়স সবে ১৮।
“আমি শনিবারও এটা বলেছি। সে উইং ধরে সবকিছুরই চেষ্টা করেছিল… আমাদের বুঝতে হবে লামিনের বয়স কেবল ১৮ এবং সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়।”
“যদি আপনি ম্যাচটা আবার দেখেন, তাকে অবিশ্বাস্য কিছু করতে দেখবেন। তার বয়স কেবল ১৮। সে পাঁচ জন খেলোয়াড়কে কাটিয়ে গোল প্রায় পেয়েই যাচ্ছিল। সে হতাশ হয়েছিল।”
এই বয়সেই বার্সেলোনার আক্রমণের প্রাণ হয়ে উঠেছেন ইয়ামাল। স্পেন দলেও তিনি খুব গুরুত্বপূর্ণ। তাকে কক্ষপথে রাখতে সম্ভাব্য সবভাবে সহায়তা করে যাওয়ার কথা বললেন ফ্লিক।
“সে আবেগপ্রবণ এবং এটা ভালো ব্যাপার। আমি সবসময়ই তার পাশে থাকব। তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সবকিছু সে শোরগোল ফেলে দেওয়ার জন্য করে না। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং আমাদের মনে রাখতে হবে যে তার বয়স মাত্র ১৮।”
“আমি তাকে বলেছিও যে, সে এমনটা করতে পারবে এবং আমি সবসময়ই তাকে রক্ষা করব। সে অসাধারণ খেলোয়াড়, সম্ভবত ভবিষ্যতের সেরা।”
