১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেলসি ছেড়ে রোনালদোর ক্লাবে ফেলিক্স

গত মৌসুমের শেষ অংশে ধারে এসি মিলানে খেলা পর্তুগিজ ফরোয়ার্ড খুঁজে নিলেন নতুন ঠিকানা।

চেলসি ছেড়ে রোনালদোর ক্লাবে ফেলিক্স
আল নাস্‌রে দুই বছরের চুক্তিতে জোয়াও ফেলিক্স (ডানে)। ছবি: আল নাস্‌র

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 07:26 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ইউরোপ ছেড়ে নতুন চ‍্যালেঞ্জ খুঁজে নিলেন জোয়াও ফেলিক্স। পর্তুগিজ এই ফরোয়ার্ড নতুন মৌসুমের আগে যোগ দিলেন ক্লাব আল নাস্‌রে, যেখানে খেলেন তার জাতীয় দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

আল নাস্‌র সামাজিক যোগাযোগ মাধ‍্যমে মঙ্গলবার ফেলিক্সকে সৌদি প্রো লিগে আনার কথা জানায়। ক্লাবটির সঙ্গে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের চুক্তি হয়েছে দুই বছরের।

চোখ কপালে তোলা অঙ্কের বিনিময়ে ২০১৯ সালে বেনফিকা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন ফেলিক্স। সময়টা যদিও সেখানে ভালো কাটেনি এই ফরোয়ার্ডের। পরে ধারে খেলতে যান চেলসি ও বার্সেলোনায়। 

আতলেতিকো ছেড়ে ২০২৪ সালে পাকাপাকিভাবে চেলসিতে যোগ দেন ফেলিক্স। অসংখ‍্য খেলোয়াড়ে ভরা দলটিতে ১২ ম‍্যাচ খেলার সুযোগ পেয়ে কেবল ১ গোল করে হয়ে পড়েন ব্রাত‍্য। পরে গত মৌসুমের শেষটায় ধারে খেলেন এসি মিলানে। 

ইতালিয়ান ক্লাবটিতেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ১৫ ম‍্যাচে করেন কেবল ২ গোল। এবার তিনি ইউরোপ ছেড়ে যোগ দিলেন রোনালদোর দলে। 

২০১৯ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় ফেলিক্সের। আন্তর্জাতিক ফুটবলে ৪৫ ম‍্যাচে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড করতে পেরেছেন ৯ গোল।