Published : 11 Sep 2026, 04:25 PM
মাহাদী-মুন্না গোল পেলেন ঠিকই, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে পেরে ওঠেনি বাংলাদেশ। তাতে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার আশা গুঁড়িয়ে গেছে।
হুলুনবুইর সিটিতে শুক্রবার জুনিয়র এশিয়া কাপ হকির পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে ৬-২ গোলে হরল বাংলাদেশ। এ নিয়ে পাঁচ ম্যাচের চারটিতে হারের তেতো স্বাদ পেল দল।
চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে প্রতিযাগিতা শুরুর পর ৪-২ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলে দল পায় একমাত্র জয়। এরপর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে পুল পর্বে তৃতীয় হয় দল।
বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জাপানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু দলের শুরুটা হয় বিবর্ণ। প্রথম কোয়ার্টারে একটি এবং দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে দল।
তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজমের পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান মাহাদী হাসান। কিন্তু এই কোয়ার্টারের শেষ দিকে আরেকটি গোল খেয়ে বসে বাংলাদেশ। জাপান এগিয়ে যায় ৬-১ ব্যবধানে।
চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুর দিকে মুন্না ইসলাম পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করলে হারের ব্যবধান একটু কমে। স্বপ্ন শেষ হয়ে যাওয়া বাংলাদেশ এখন খেলবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে।