১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

র‌্যাশফোর্ডকে দলে টানার কারণ জানালেন বার্সেলোনা সভাপতি

ইউরোপা লিগে বার্সেলোনার বিপক্ষে মার্কাস র‌্যাশফোর্ডের পারফরম্যান্স নজর কেড়েছিল তার।

র‌্যাশফোর্ডকে দলে টানার কারণ জানালেন বার্সেলোনা সভাপতি
মার্কাস র‍্যাশফোর্ড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 12:33 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

নিকো উইলিয়ামস ও লুইস দিয়াসকে রেখে মার্কাস র‌্যাশফোর্ডকে দলে আনতে চাওয়ার কথা আগেই বলেছিলেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। কেন চেয়েছিলেন, সেটা এবার জানালেন তিনি।   

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে র‌্যাশফোর্ডকে দলে আনতে পেরে উচ্ছ্বসিত লাপোর্তা। মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপচারিতায় ইংলিশ ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসালেন তিনি। 

“আমরা খুবই খুশি। কারণ, দারুণ বয়সে অসাধারণ অনুপ্রেরণা নিয়ে একজন উঁচু মানের খেলোয়াড় বার্সায় এসেছে। তার গুণের একটি হচ্ছে আন্তরিকতা।”   

“তার স্বপ্ন ছিল পুরো জীবন ইউনাইটেডে খেলা। সে সাত বছর বয়সে (সেখানে) যোগ দিয়েছিল। চেয়েছিল ‘এক ক্লাবের খেলোয়াড়’ হতে। একজন খেলোয়াড় যখন তার সব আন্তরিকতা নিয়ে এমনটা বলে, সেটা দারুণ একটি ব্যাপার।”

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা হয়নি র‌্যাশফোর্ডের। গত মৌসুমের শেষ অংশে ধারে অ্যাস্টন ভিলায় খেলেন তিনি। এবার নতুন চ্যালেঞ্জের সন্ধানে ধারে বার্সেলোনায় এলেন র‌্যাশফোর্ড। লাপোর্তা নিশ্চিত, এখানে ভালো করবেন এই উইঙ্গার।

“যখন তার অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে গেল তখন সবসময়ের পছন্দের দল বার্সাকে সে বেছে নিল। সে আমাদের বিপক্ষে খেলেছে এবং বার্সা তার ভাবনায় ছিল। সে বলেছে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা।” 

ইউনাইটেড কোচ হুবেন আমুরি প্রশ্ন তুলেছিলেন র‌্যাশফোর্ডের নিবেদন নিয়ে। তবে তার মাঝে লাপোর্তা এমন কোনো সমস্যা দেখছেন না। 

“খুবই অনুপ্রাণিত হয়ে সে আমাদের এখানে এসেছে। সে শক্তিশালী ও রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সে ভালো খেলেছে এবং আমি খুবই খুশি, কারণ দুই বছর আগে সে আমাদের ইউরোপা লিগে হারিয়েছিল। ওই লড়াইয়ে সে পার্থক্য গড়ে দিয়েছিল, আর সেই কারণেই সে আসায় আমি এত খুশি।”