কুলুসেভস্কির জন্য দরজা বন্ধ করে সুইডেনের বিশ্বকাপ দল ঘোষণা
গ্রাহাম পটারের দলে আর তেমন কোনো চমক নেই, জায়গা হয়নি বার্সেলোনার রুনি বার্দগির।
চোটের কারণে দীর্ঘদিন ধরে বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির অপেক্ষায় থাকলেন না সুইডেনের কোচ গ্রাহাম পটার। বিশ্বকাপ মাঠে গড়ানোর ৩০ দিন আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিলেন তিনি।
আসছে উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পটার। তার দলে জায়গা হয়নি বার্সেলোনা উইঙ্গার রুনি বার্দগিরও।
দলটিতে খুব বড় কোনো চমক নেই। তবে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে লা লিগায় ১৯টিসহ মোট ২৬টি ম্যাচ খেলা উইঙ্গার বার্দগির জায়গা পাওয়ার আশায় ছিলেন অনেকে।
হাঁটুর চোটে প্রায় এক বছর ধরে বাইরে আছেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড কুলুসেভস্কি। তবুও অনেক বিশেষজ্ঞের ধারণা ছিল, টুর্নামেন্টে খেলার কোনো সম্ভাবনা থাকলেই তাকে দলে রাখা হবে; কিন্তু পটার সেই দরজা পুরোপুরিই বন্ধ করে দিলেন।
তবে তাকে দলের বাইরে রাখা যে কঠিন সিদ্ধান্ত ছিল, জানালেন পটার।
“সে (কুলুসেভস্কি) যে অবস্থায় ছিল, গত বছর (মৌসুমে) সে যা করেছে, (বিশ্বকাপে) প্রথম ম্যাচের সাড়ে চার সপ্তাহ আগে তার পুনর্বাসন এখন যে অবস্থায় আছে, সবকিছুর বিচারে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব, খুব কঠিন।”
জাতীয় দলে আক্রমণভাগে কুলুসেভস্কির সতীর্থ আলেকসান্দার ইসাকও চলতি মৌসুমে চোটে ভুগেছেন। তবে সময়মতো সেরে উঠে ইতোমধ্যে তিনি লিভারপুলের হয়ে মাঠে ফিরেছেন। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও ছন্দে না ফিরলেও, বিশ্বকাপে প্রত্যাশার প্রতিদান দিতে পারবেন, বিশ্বাস কোচের।
বিশ্বকাপের বাছাইপর্বে সুইডেনের পারফরম্যান্স ছিল একেবারে যাচ্ছেতাই, মাত্র ২ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের তলানিতে ছিল তারা। তবে উয়েফা নেশন্স লিগে ‘সি’ লিগে পারফরম্যান্স তাদেরকে প্লে-অফে সুযোগ করে দেয় এবং সেখানে ইউক্রেইন ও পোল্যান্ডকে হারিয়ে জায়গা করে নেয় মূল পর্বে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। সুইডেন প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন, তিউনিসিয়ার বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান।
