সুলতানার গোলে জয়ে শুরু সেনাবাহিনীর
মেয়েদের লিগ ফ্লাড লাইটের আলোয় আয়োজনের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
তাপপ্রবাহের তীব্রতায় কোনো দলই মেলে ধরতে পারল না নিজেদের সেরা ফুটবল। তবে কাঙিক্ষত গোল পেয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী। স্বস্তির জয়ে উইমেন’স প্রিমিয়ার লিগ শুরু করল প্রথমবারের মতো মেয়েদের শীর্ষ লিগে খেলতে আসা দলটি।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার আতাউর রহমান ভূইয়া কলেজ দলকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
৩৮তম মিনিটে একক প্রচেষ্টায় জয়সূচক গোলটি করেন মোছাম্মাৎ সুলতানা। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ড বক্সে ঢুকে বাম পায়ের ঠাণ্ডা মাথার শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এই ম্যাচের শুরুতেই টুর্নামেন্ট ঘিরে স্বস্তির সংবাদ পায় মেয়েরা। লিগের উদ্বোধন করতে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন দিয়েছেন ফ্লাড লাইটে ম্যাচগুলো আয়োজনের ঘোষণা।
“এখানে এসে দেখলাম…এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব না। তাই সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদককে বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল, এতে এনএসসিকে জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন। আমি বলেছি, এনএসসিকে জানাতে, বাজেটের ব্যবস্থা হবে।”
“গত পাঁচ-দশ বছর কোনো কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি আরবসহ সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে, যেখান থেকেই হোক ব্যবস্থা হবে।”
অথচ আগের দিনের সংবাদ সম্মেলনেই বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, ফান্ড সমস্যার কারণে ফ্লাড লাইটের আলোয় লিগ আয়োজন করতে পারছেন না তারা।
ওই সংবাদ সম্মেলনে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও বলেছিলেন, ফ্লাড লাইটের আলোয় খেলা চালাতে হলে প্রতিদিন প্রায় ১৩ হাজার টাকা করে বিদ্যুৎ বিল দিতে হবে।
