১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুযোগ নষ্টের আক্ষেপ আলবাসেতে কোচের

স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণ ও রক্ষণে ছোট ছোট কিছু ভুল পোড়াচ্ছে দ্বিতীয় স্তরের দলটির কোচ গন্সালেসকে।

সুযোগ নষ্টের আক্ষেপ আলবাসেতে কোচের
রেয়াল মাদ্রিদকে বিদায় করার পর বার্সেলোনার বিপক্ষে দারুণ লড়াই করেছে আলবাসেতে। ছবি: আলবাসেতে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 04:52 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

স্পেনের সফলতম দুই ক্লাব রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে এক মৌসুমে কোনো প্রতিযোগিতা থেকে ছিটকে দেওয়ার সুযোগ হাতছাড়া করার আক্ষেপে পুড়ছেন আলবাসেতের কোচ আলবের্তো গন্সালেস।

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে দ্বিতীয় স্তরের দলটি। 

৮৭তম মিনিটে ব্যবধান কমানোর পর, যোগ করা সময়ে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল আলবাসেতে। হোয়ান গার্সিয়া কোনোমতে গতি কমিয়ে দেওয়ার পর, গোললাইন থেকে ফ্রান গামেসের শট হেডে ফিরিয়ে দেন জেরার্দ মার্তিন।  

প্রায় ২৭ শতাংশ সময় বল দখলে রাখা আলবাসেতে প্রতি আক্রমণ থেকে দারুণ কিছু সুযোগ পায়। একটা ছাড়া আর কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা। সেরা সুযোগগুলো হাতছাড়া করেন রেয়ালের বিপক্ষে জয়ের নায়ক হেফতে বেতানকর। 

স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণ ও রক্ষণে ছোট ছোট কিছু ভুল ও ঘাটতি পোড়াচ্ছে গন্সালেসকে।  

“নিজেদের অর্ধে দুইবার বল হারানোর চড়া মূল্য দিতে হয়েছে আমাদের। দ্বিতীয়ার্ধে আমরা জয়ের জন্য খেলেছিলাম। ভালো ব্যাপার হলো, আমরা সমতা ফেরানোর জন্য যথেষ্ট সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু আমাদের ফিনিশিংয়ে ঘাটতি ছিল। আমরা গোলের বেশ কিছু সুযোগ পেয়েছিলাম, বার্সেলোনার বিপক্ষে এটা সহজ নয়।” 

লা লিগার দলগুলোর বিপক্ষে চমক জাগানো পারফরম্যান্সের পর এবার নিজেদের লিগে মনোযোগ দিতে চান আলবাসেতে কোচ গন্সালেস।

“খেলোয়াড়দের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, পরের রাউন্ডে যেতে না পারায় এই মুহূর্তে আমরা সবাই ব্যথিত ও বিষন্ন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যা আমরা করেছি, এর জন্য খুশি হব। আমরা কাছাকাছি ছিলাম এবং জিততেও পারতাম।”