এফএ কাপের প্রেরণায় লিগে লিভারপুলকে হারানোর আশায় টেন হাগ
অভিজ্ঞতায় লিভারপুলকে এগিয়ে রাখলেও, তাদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ জয়ের পর দুই বছর পেরিয়ে গেছে। পরিসংখ্যানের বিবেচনায় দুই দলের আসছে লড়াইয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে লিভারপুল। এরিক টেন হাগও মেনে নিচ্ছেন সেই বাস্তবতা। তবে গত মৌসুমে এফএ কাপে ‘অল রেড’দের হারানোর অনুপ্রেরণা নিয়ে এবার লিগেও জয়ের আশায় বুক বাঁধছেন ইউনাইটেড কোচ।
ওল্ড ট্র্যাফোর্ডে আগামী রোববার লিগে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড।
এই মাঠেই ২০২২-২৩ মৌসুমে লিগে প্রথম দেখায় লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছিল ইউনাইটেড। তবে ফিরতি দেখায় প্রতিপক্ষের মাঠে ৭-০ গোলের বিব্রতকর হার সঙ্গী হয় তাদের।
আর গত মৌসুমে লিগে দুবারই ম্যাচের ফল থাকে অমীমাংসিত। অ্যানফিল্ডে গোলশূন্য ড্রয়ের পর ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
গত মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। তার জায়গায় কোচ করে আনা হয় আর্না স্লটকে। তবে এখনও লিভারপুল অনেক অভিজ্ঞ দল বলেই মনে করেন টেন হাগ।
“লিভারপুল তাদের পথচলায় একটি ভিন্ন পর্যায়ে আছে। তারা একটি পরিণত দল, যাদের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে এবং অনেক অভিজ্ঞ। সেই তুলনায় আমরা অনেক বেশি বৈচিত্রপূর্ণ এবং আমাদের একটি নতুন দল গড়ে তুলতে হবে।”
লিভারপুল গত মৌসুমে লিগ শেষ করে তিনে থেকে, ইউনাইটেডের চেয়ে পাঁচ ধাপ ও ২২ পয়েন্ট এগিয়ে থেকে। তবে এফএ কাপে লিভারপুলের বিপক্ষে ৪-৩ গোলের জয় থেকে আসছে লিগ ম্যাচে প্রেরণা খুঁজছেন টেন হাগ।
“আমরা সবসময় জিততে পারি, গতবার আমরা (এফএ কাপে) মৌসুমের দ্বিতীয় অংশে জিতেছিলাম।”
টেন হাগ ও স্লটের এর আগে মুখোমুখি দেখা হয়েছে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে। যেখানে একে অপরের বিপক্ষে দুজনেরই জয় দুটি করে। ২০২২ সালের মার্চের পর প্রথমবার দেখা হতে যাচ্ছে তাদের।
স্লটের কোচিংয়ে লিগে লিভারপুলের শুরুটা হয়েছে দারুণ। প্রথম দুই ম্যাচেই তারা ২-০ গোলে জিতেছে ইপ্সউইচ টাউন ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে।
অন্যদিকে, ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ে লিগ শুরু করা ইউনাইটেড দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হেরেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে।
