বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়ায় চিন্তিত নন আনচেলত্তি
রেয়াল মাদ্রিদ কোচকে বেশি ভাবাচ্ছে তার দলের ছন্দহীন পারফরম্যান্স।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা একেবারেই প্রত্যাশা অনুযায়ী হয়নি রেয়াল মাদ্রিদের। তিন ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। এই ব্যবধান নিয়ে অবশ্য ভাবছেন না কার্লো আনচেলত্তি। রেয়াল কোচের সব ভাবনা দলের ছন্দহীন পারফরম্যান্স নিয়ে।
চলতি লা লিগায় এখনও চেনা রূপে দেখা যায়নি রেয়ালকে। তাদের পারফরম্যান্স থেকে যেন হারিয়ে গেছে পুরোনো ধার। এখন পর্যন্ত লিগে তিন ম্যাচ খেলে জিততে পেরেছে তারা কেবল একটি; রায়ো ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে, সেই ম্যাচেও দুটি গোল করতে পারে শেষ সময়ে। বাকি দুই ম্যাচে মায়োর্কা ও লাস পালমাসের বিপক্ষে করেছে ১-১ ড্র।
লিগ টেবিলে ৫ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে রেয়াল। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গত মৌসুমের রানার্সআপ বার্সেলোনা। তবে দীর্ঘ মৌসুমের সামনের পথচলায় কাতালান ক্লাবটির সঙ্গে এই ব্যবধান ঘুচিয়ে ফেলতে আত্মবিশ্বাসী আনচেলত্তি।
লিগে রেয়ালের পরের ম্যাচ রোববার, রেয়াল বেতিসের বিপক্ষে। আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের পার্থক্য নয়, তার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি।
“(চিন্তিত কি-না) না, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এটা নিয়ে কোনো সংশয় নেই।”
“আমরা খুশি নই, তবে সেটা চার পয়েন্টের (পিছিয়ে থাকার) কারণে নয়, আমরা ভালো খেলিনি তাই। মৌসুম খুব দীর্ঘ এবং এখনকার এই পার্থক্য খুব বেশি অর্থ বহন করে না।”
