১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব ম্যাচে একই ক্ষুধা নিয়ে নামবে কেইপ ভার্ড

গ্রুপ টেবিলে তৃতীয় স্থানে থাকালেও নিজেদের উপর আস্থা হারাচ্ছেন না কেইপ ভার্ডের ডিফেন্ডার পিকো লোপেস।

সৌদি আরব ম্যাচে একই ক্ষুধা নিয়ে নামবে কেইপ ভার্ড
সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে নির্ভার কেই ভার্ডের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 10:23 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

‘ফেভারিট’ স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে কেইপ ভার্ড। বিশ্বজুড়ে তাদের সমর্থকও জুটে গেছে অনেক। বিষয়টি দারুণ উপভোগ করছেন পিকো লোপেস। সৌদি আরবের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ সামনে রেখে, এই ডিফেন্ডার বললেন, একই মানসিকতা, সাফল্য ক্ষুধা নিয়ে নামবেন তারা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল। ‘এইচ’ গ্রুপের টেবিলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। উরুগুয়ে ও কেইপ ভার্ডের পয়েন্ট সমান ২ করে। সৌদি আরবের পয়েন্ট ১। এই গ্রুপ থেকে পরের ধাপে যাওয়ার দরজাটা এখনও উন্মুক্ত সবার জন্যই।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে চমক দেখানো কেইপ ভার্ড গ্রুপ পর্বেই থেমে যেতে রাজি নয়। দলটির ডিফেন্ডার লোপেস বললেন, নিজেদের উপর আস্থা আছে তাদের।

“বিশ্বজুড়ে যে সমর্থন আমরা পাচ্ছি, চমৎকার। এটা আসলেই বিশেষ কিছু। এটা বিশ্বাস করা কঠিন যে, এখনও আমরা এখানে, কিন্তু এইসব টুর্নামেন্টে আপনি মেধার কারণেই খেলার সুযোগ পাবেন।”

“আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কেইপ ভার্ড ফুটবল ফেডারেশন নিশ্চিতভাবে সেরা মেধাবীদের তৈরি করতে কঠোর পরিশ্রম করেছে। এটা সহজ ছিল না, কিন্তু আমরা কখনও বিশ্বাস হারাইনি।”

নিজেদের প্রতি আস্থা, বিশ্বাস নিয়ে সৌদি আরবের বিপক্ষে খেলতে নামবে কেইপ ভার্ড, বললেন লোপেস। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মতো একই মানসিকতা, ক্ষুধা দলের থাকবে, মনে করেন তিনি।

“আমরা স্পেনের বিপক্ষে দারুণ একটি পয়েন্ট পেয়েছিলাম এবং ওই ম্যাচটি আমাদের নিজেদের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস এনে দিয়েছে যে, আমরা বিশ্বের সেরা দলের সাথেও পাল্লা দিতে পারি।”

“সৌদি আরবের বিপক্ষের ম্যাচটি সম্ভবত সেই ম্যাচ, যেখানে দুই দলই (টুর্নামেন্টে আসার আগে) ভেবেছিল, তারা কিছু অর্জন করতে পারবে এবং তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য স্থির করেছিল। কোনো কিছুই বদলায়নি, আমরা জয়ের চেষ্টা করব, দেখা যাক কী হয়। এখানে কোনো খারাপ দল নেই। স্পেন এবং উরুগুয়েকে যে সম্মানটা দেখিয়েছি, সৌদি আরবের প্রতিও সেটাই থাকবে আমাদের।”