১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাইপজিগের জালে গোল উৎসব করে ১১ পয়েন্টে এগিয়ে বায়ার্ন

দ্বিতীয়ার্ধের পাঁচ গোলে আরবি লাইপজিগকে উড়িয়ে দিয়েছে ভেসোঁ কম্পানির দল।

লাইপজিগের জালে গোল উৎসব করে ১১ পয়েন্টে এগিয়ে বায়ার্ন
দলের তৃতীয় গোলের পর বায়ার্ন মিউনিখের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 01:43 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

পোস্টে যথারীতি চীনের প্রাচীরের মতো দৃঢ়তা দেখালেন মানুয়েল নয়ার। আক্রমণভাগে চমৎকার ফিনিশিংয়ে আলো ছড়ালেন হ্যারি কেইন। তাদের নৈপুণ্যে আরবি লাইপজিগের মাঠে ঘুরে দাঁড়িয়ে জিতল বায়ার্ন মিউনিখ।

বুন্ডেসলিগায় শনিবার ৫-১ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল। এই জয়ে জামানির শীর্ষ লিগে বায়ার্ন এগিয়ে গেছে ১১ পয়েন্টে।

ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় বায়ার্ন, এর ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, লাইপজিগ ১৭ শটের চারটি রাখতে পারে লক্ষ্যে।

১৮ ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বরুশিয়া ডর্টমুন্ড। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে লাইপজিগ।

ঘরের মাঠে ২০তম মিনিটে রোমুলোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। দুই দলের গতিময় ফুটবলে দারুণ জমে ওঠে ম্যাচ। 

বিরতির পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। সময় গড়ানোর সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠে সফরকারীরা। 

৫০তম মিনিটে লাইপজিগের দুর্বল ব্যাকপাস কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান সের্গে জিনাব্রি। 

১৭ মিনিট পর খুব কাছ থেকে গতিময় শটে দলকে এগিয়ে নেন কেইন। আসরে ইংলিশ স্ট্রাইকারের এটি ২১তম গোল।

৮২তম মিনিটে ইউনাথান টায়ের গোলে ব্যবধান বাড়ায় কম্পানির দল। তিন মিনিট পর জালের দেখা পান আলেসান্দার পাভলোভিচ। 

চমৎকার প্রতি আক্রমণে খুব কাছ থেকে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মাইকেল ওলিসে। বড় জয়ের ও শিরোাপা ধরে রাখার অভিযান বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সফলতম দলটি।