উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 02 Jun 2026, 05:23 PM
একদিকে মা হারানোর শোক, অন্যদিকে দেশের প্রয়োজন। শিউলি আজিম শোক সয়ে বাংলাদেশের ডাকেই সাড়া দিলেন। টিম হোটেলের পাশে আরব সাগরের তীরে সতীর্থদের সাথে অনুশীলনে নেমে পড়লেন। একদিন বাদেই যে নেপালের বিপক্ষে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল!
বুধবার ভোরে আসে শিউলির মা বাসনা আজিমের মৃত্যুর দুঃসংবাদ। অধিনায়ক মারিয়া মান্দা সতীর্থ শিউলির আত্মীয়। দুজনের কান্না ছুঁয়ে যায় দলের বাকিদেরও। কেউ সকাল ৭টার ব্যাম্বেলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে অনুশীলনে যাওয়ার মতো অবস্থায় তারা ছিলেন না। ওই অনুশীলন তাই বাতিল হয়ে যায়।
কিন্তু নেপাল ম্যাচের প্রস্তুতিও তো নিতে হবে। মাঠে কৌশলগত অনুশীলন করা না গেলেও বসে থাকলেন না পিটার জেমস বাটলার। ভিডিও সেশনে ছক বুঝিয়ে দিয়েছেন। বেলা ৪টায় দল নিয়ে নেমে পড়লেন সমুদ্র সৈকতে। সবার দৃষ্টি তখন শিউলির দিকে।
সমুদ্রের ঢেউয়ের মতো শিউলির মনের গহীনেও প্রিয়জন হারানোর যে উথাল-পাতাল ঢেউ আছড়ে পড়ছে, তা তার মুখের দিকে তাকিয়েই বোঝা গেল। বিষন্ন, বিমর্ষ, কাঁদো কাঁদো চোখে তিনি নামলেন অনুশীলনে।
দলীয় সুত্রের খবর, সকালের কান্নাকাটির পর শিউলি অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন। দলের সবচেয়ে বয়সী খেলোয়াড় তিনি, অভিজ্ঞতাও এগিয়ে অনেকের চেয়ে। তার ভেঙে পড়া যেন বাকিদের উপর প্রভাব না ফেলে, তাই ভেতরে কষ্ট তিনি চেপের রাখার চেষ্টা করছেন অনুক্ষণ। কখনও পারছেন, কখনও তা নিরব অশ্রু হয়ে ঝরে পড়ছে।
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪টায় নেপালের মুখোমুখি হবে দল। কোচিং স্টাফের এক সদস্য বললেন, ফাইনালে ওঠার লড়াইয়ে শিউলিকে খেলানোর পরিকল্পনা আছে তাদের। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারও নাকি শোককে শক্তিতে রূপ দিতেই রয়ে গেছেন দলের সাথে।