ইংলিশ ফুটবল
Published : 20 Apr 2026, 05:14 PM
ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে যেত আর্সেনাল। কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে তাদেরকে হারিয়ে লড়াই তুমুল জমিয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। এতে অবশ্য আত্মবিশ্বাস হারাচ্ছেন না মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের মনে হচ্ছে, লিগের লড়াই নতুন করে শুরু হয়েছে।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরে যায় আর্সেনাল। হায়ান শেহকির গোলে সফরকারীরা পিছিয়ে পড়ার পর জানলুইজি দোন্নারুম্মার ভুলে সমতা ফেরান কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
২০০৪ সালের পর লিগ শিরোপা জিততে পারেনি আর্সেনাল। গত কয়েকটা মৌসুমেই সম্ভাবনা জাগিয়ে শেষ দিকে এসে পথ হারিয়ে ফেলেছে তারা। এবারও ব্যতিক্রম নয়। এনিয়ে টানা দুটি লিগ ম্যাচে হারল তারা।
সিটিকে হারিয়ে নয় পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু গুয়ার্দিওলার দলের বিপক্ষে উল্টো হেরে যায় তারা। তাতে দুই দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে এসেছে কেবল তিনে। সিটি আবার একটি ম্যাচ কমও খেলেছে।
৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩২ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৬৭। আগামী বুধবার বার্নলিকে হারাতে পারলে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ আছে তাদের সামনে।
সিটির বিপক্ষে হারের পর স্বাভাবিকভাবেই হতাশ আর্সেনালের সবাই। তবে ভেঙে পড়ছেন না আর্তেতা। বললেন, নতুন করে শুরু করতে প্রস্তুত তিনি ও তার দল।
“প্রিমিয়ার লিগ যেন নতুন করে শুরু হয়েছে। তাদের হাতে একটি ম্যাচ আছে, আমরা তিন পয়েন্টে এগিয়ে আছি, আমাদের পাঁচ ম্যাচ বাকি আছে, লড়াই জমে উঠেছে।”
“ম্যাচটি যেভাবে শেষ হয়েছে, আশানুরূপ ফল না পেয়ে স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা খুব হতাশ। সবার অনুভূতি এখন একই। তারা বলছে, ‘ঠিক আছে, আজকে আমরা একটি সুযোগ হারিয়েছে, তবে পরের পাঁচ ম্যাচে আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে, সেটা করে দেখাই’।”
মৌসুমের বাকি সময়ের সূচিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে আর্সেনাল। পাঁচ ম্যাচের তিনটিই তারা খেলবে ঘরের মাঠে, প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড, ফুলহ্যাম ও বার্নলি। তাদের বাকি দুই লড়াই ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের মাঠে।
বার্নলি সফরের পর সিটিকে খেলতে হবে এভারটনের মাঠে। তাদের আরেকটি অ্যাওয়ে ম্যাচ বোর্নমাউথের বিপক্ষে। ঘরের মাঠে ব্রেন্টফোর্ড, অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তারা।
আর্সেনালের জন্য বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি- ফাইনাল। আর্তেতার দলের ওপর ধকলের ছাপও স্পষ্ট। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৪৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হারা দল শেষ ৬ ম্যাচের ৪টিতেই হেরেছে। এমনকি লিগে তাদের সর্বশেষ জয়টি এসেছে এক মাসেরও বেশি সময় আগে।
সিটি শিরোপার সুবাস পেতে শুরু করলেও, নিজেদের সম্ভাবনা যে এখনও উজ্জ্বল, সেটা মনে করিয়ে দিয়েছেন আর্তেতা। দমে না গিয়ে নতুন উদ্যমে শুরু করতে চান তিনি।
“দেখা যাক কি হয়। এটা প্রিমিয়ার লিগ। প্রথমত, এই লিগে একটি ম্যাচ জেতা খুবই কঠিন। বলতে চাচ্ছি, আমাদের দুই দলের সূচিটা দেখুন। দুই দলের জন্যই পথটা কঠিন।”
“তা না হলে, অন্যান্য মৌসুমের মতো আমাদের পয়েন্ট এরই মধ্যে ৮০ কিংবা ৮৫ হয়ে যেত। কিন্তু এবার তেমন কিছু হয়নি। তাই আমরা ম্যাচ ধরে প্রস্তুতি নেব এবং আজকের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভালো করার চেষ্টা করব। এখনও যেকোনো কিছু হতে পারে। আমরা দমে যাব না, নতুন উদ্যমে শুরু করব, এটা নিশ্চিত।”
আর্সেনাল পরের ম্যাচে আগামী শনিবার, প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।