পরের ম্যাচেও ‘খেলবেন না’ লেভানদোভস্কি, বিশ্রাম পেতে পারেন আরও অনেকে
এবারের লা লিগায় ১২ ম্যাচে আট গোল করা পোলিশ স্ট্রাইকার সোমবার সকালে দলের অনুশীলনে ছিলেন না।
ব্যস্ত সূচির মাঝে দলের মূল খেলোয়াড়দের এবার একটু বিশ্রাম দেওয়ার সুযোগ পেয়েছে বার্সেলোনা। কোপা দেল রে যাত্রার শুরুতে প্রতিপক্ষ তুলনামূলক অনেক দুর্বল হওয়ায়, স্কোয়াডের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বাইরে রাখতে পারেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের শেষ বত্রিশে মঙ্গলবার গুয়াদালাহারার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেননি রবের্ত লেভানদোভস্কি। গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় বেঞ্চে ছিলেন পোলিশ তারকা। এএসের খবর, এবারের লা লিগায় ১২ ম্যাচে আট গোল করা এই স্ট্রাইকার পিঠের চোটে ভুগছেন এবং সোমবার সকাল জিমে কাটান।
পরিস্থিতি বিবেচনায় ধারণা করা যাচ্ছে, আসছে ম্যাচের স্কোয়াডে থাকবেন না লেভানদোভস্কি।
কোপা দেল রেতে অভিযান শুরুর দিকে মূল স্কোয়াডের অনেককেই বড় দলগুলোর বাইরে রাখার মতো ঘটনা এর আগেও দেখা গেছে। শিরোপা ধরে রাখার অভিযানে এবার বার্সেলোনার প্রতিপক্ষ তৃতীয় স্তরের দল। তাই গুয়াদালাহারা সফরে হয়তো আরও কয়েকজনকে দলে রাখবেন না কোচ ফ্লিক।
এএসর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন এরিক গার্সিয়া, পেদ্রি, রাফিনিয়া, লামিনে ইয়ামাল।
পোস্টেও পরিবর্তন আসতে পারে। ফ্লিক গত ম্যাচের আগেই পরিষ্কার করেছেন তার প্রথম পছন্দ হোয়ান গার্সিয়া। চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় ১১টিসহ মোট ১৪টি ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ গোলরক্ষক। তার জায়গায় সুযোগ পেতে পারেন জার্মানির মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও পোল্যান্ডের ভয়চেখ স্ট্যান্সনি।
