২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মাঝে এস্পানিওল ছাড়লেন গার্সিয়া

ভবিষ্যৎ ভাবনায় এই স্প্যানিয়ার্ডকে বার্সেলোনা দলে টানতে চায় বলে খবর আছে।

বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মাঝে এস্পানিওল ছাড়লেন গার্সিয়া
হুয়ান গার্সিয়া। ছবি: এস্পানিওল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

অনেক দিনের গুঞ্জনের পর এবার হুয়ান গার্সিয়ার বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা যেন শক্ত ভিত পেল। আনুষ্ঠানিকভাবে এস্পানিওল ছাড়ার ঘোষণা দিলেন এই স্প্যানিশ গোলরক্ষক।

সামাজিক মাধ্যমে বুধবার এক আবেগঘন বার্তায় এতদিনের প্রিয় ঠিকানা ছাড়ার ঘোষণা দেন গার্সিয়া।

“আজ আমি এই ক্লাবকে বিদায় জানাচ্ছি, যেখানে আমি ১৫ বছর বয়স থেকে আছি। এই পুরোটা সময়ে, প্রতিদিন আমি একজন খেলোয়াড় ও একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার চেষ্টা করেছি, সর্বদা নম্রতা, প্রচেষ্টা এবং রেয়াল এস্পানিওলের লক্ষ্য অর্জনের গর্ব নিয়ে।”

“দলের সাহায্যে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, এর প্রতি সর্বোচ্চ নিবেদন দিয়ে এবং এই জার্সি পরে সব প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। আমি জানি, এই সিদ্ধান্ত সবার জন্য সহজ হবে না।”

২০২৪-২৫ মৌসুমের শেষভাগ থেকেই গার্সিয়ার বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। দলের মূল গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোটে মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে থাকায়, জরুরি ভিত্তিতে মৌসুমের শুরুতে ভয়চেখ স্ট্যান্সনিকে দলে টেনেছিল বার্সেলোনা।

জার্মান গোলরক্ষক টের স্টেগেনের বয়স এখন ৩৩ বছর। ৩৫ বছর বয়সী পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনির সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে বার্সেলোনার। তাই বলা যায়, ভবিষ্যৎ ভাবনায় ২৪ বছর বয়সী গার্সিয়াকে দলে টানতে যাচ্ছে এবার লা লিগা ও কোপা দেল রে জয়ী কাতালান ক্লাবটি।