ঝুলে আছে র্যাশফোর্ড-গার্সিয়াদের নিবন্ধন, হতাশ ফ্লিক
তবে বার্সেলোনা কোচ আশাবাদী যে, ক্লাব সময়মতো সমস্যার সমাধান করবে।
লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে শুক্রবার। আসর শুরুর দ্বিতীয় দিন মাঠে নামবে বার্সেলোনা। কিন্তু গত মৌসুমের মতো আবারও মাঠের বাইরের সমস্যায় ব্যাহত হচ্ছে তাদের প্রস্তুতি। নতুন খেলোয়াড়দের যে এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি তারা। এতে হতাশা লুকাননি কাতালান দলটির কোচ হান্সি ফ্লিক।
ফুটবলার কেনা ও বেতন বাবদ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করায় লা লিগার কঠোর ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নিয়মের কারণে গত কয়েক মৌসুম ধরেই খেলোয়াড় নিবন্ধন করানোর ক্ষেত্রে ভুগতে হচ্ছে বার্সেলোনাকে।
গত জুনে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে চুক্তিবদ্ধ করেছে তারা। পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে নিয়ে এসেছে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকে। কিন্তু তাদের কাউকে এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।
মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অসন্তুষ্টির কথা বলেন ফ্লিক। তবে জার্মান এই কোচ আশাবাদী যে, ক্লাব সময়মতো সমস্যার সমাধান করবে।
“আমার জন্য পরিস্থিতি কল্পনা করতে পারেন, আমি এতে খুশি নই। তবে আমি পরিস্থিতি সম্পর্কে জানি এবং ক্লাবের ওপর আস্থা রাখি। আমাদের আগামীকাল (শনিবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত মৌসুমেও একইরকম পরিস্থিতি ছিল।”
“আমরা কী পরিবর্তন করতে পারি এবং যেসব বিষয় আমাদের হাতে আছে, সেদিকে মনোযোগ দেব। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি ক্লাবের ওপর আস্থা রাখি।”
ক্লাবের সঙ্গে দ্বন্দ্বের পর মার্ক-আন্ড্রে টের স্টেগেন দীর্ঘমেয়াদি চোটের তালিকায় থাকতে তার চিকিৎসা বিষয়ক তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে পাঠাতে রাজি হওয়ায় খেলোয়াড়দের নিবন্ধনের মাথাব্যথা কিছুটা কমেছে বার্সেলোনার। অস্ত্রোপচারের পর মাঠের বাইরে থাকা এই জার্মান গোলরক্ষকের পারিশ্রমিকের ৮০ শতাংশ ছাড় পাচ্ছে ক্লাব এবং নতুন ফুটবলার নিবন্ধনে তা বড় সহায়তা করবে।
