আর্সেনালের বিপক্ষে হারলেই সব শেষ, মনে করিয়ে দিলেন গুয়ার্দিওলা
ম্যাচটা ড্র হলেও সিটির জন্য শিরোপা লড়াই খুব কঠিন হয়ে পড়বে, মনে করে পেপ গুয়ার্দিওলা।
হারলে ব্যবধান বেড়ে যাবে অনেক, জিতলে চলে আসবে শীর্ষস্থানের কাছাকাছি- আর্সেনালের বিপক্ষে ম্যাচ ঘিরে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। রোমাঞ্চকর লড়াইটি নিয়ে তাই আগের কথারই পুনরাবৃত্তি করলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। বললেন, আসছে ‘ফাইনাল’ ম্যাচটি হেরে গেলে শেষ হয়ে যাবে তাদের লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা।
লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি, তবে প্রতিপক্ষের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে তারা। তাই এবারের মুখোমুখি লড়াইয়ে জিততে পারলে ব্যবধান নেমে আসবে তিন পয়েন্টে এবং পরবর্তীতে সিটির সামনে সুযোগ আসবে শীর্ষে ওঠারও।
৩২ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৭০। ৩১ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে সিটির পয়েন্ট ৬৪। আগামী রোববার সিটির মাঠে হবে হাইভোল্টেজ ম্যাচটি।
এমনকি ম্যাচটা যদি ড্রও হয়, তবুও সিটির জন্য শিরোপা লড়াই খুব কঠিন হয়ে পড়বে। তাই তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবতে পারছেন না গুয়ার্দিওলা। শুক্রবার সংবাদ সম্মেলনে জোর দিয়ে বললেন, হারলেই সব শেষ।
“হ্যাঁ, অবশ্যই। আমরা হেরে গেলেই, সব শেষ।”
মৌসুমের দীর্ঘ একটা সময় অধারাবাহিকতায় ভুগতে দেখা গেছে সিটিকে। সেই সময় তাদের শিরোপা লড়াইয়ে উঠে আসার সম্ভাবনাও ছিল কম। তবে এখন দৃশ্যপট বদলে গেছে। আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা, বললেন গুয়ার্দিওলা।
“সুপারমার্কেটে যদি আত্মবিশ্বাস কিনতে পাওয়া যেত, আমরা চটজলদি কিনে ফেলতাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আত্মবিশ্বাস ভালো আছে। আমরা প্রস্তুত।”
“মাসখানেক আগে, যখন আমরা পয়েন্ট হারাচ্ছিলাম তখন ভাবিনি যে এই অবস্থায় আসতে পারব। কিন্তু আমরা পঞ্জিকা দেখলাম এবং নিজেদের বললাম, ‘ওকে, আমরা আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে খেলব, ভালো একটা সুযোগ। এখনও ব্যবধান ৬ পয়েন্টের, কম নয়, তবে আমাদের ব্যবধান কমানোর একটা সুযোগ আছে।”
লড়াইয়ের ফল কী হবে, সেটা নিজেদের ওপরই নির্ভর করছে- দলকে যেন মনে করিয়ে দিলেন স্প্যানিশ কোচ।
“আমরা ঠিক এরকম পরিস্থিতিতেই আছি। আমরা মাঠে কেমন আচরণ করি, এর ওপর সবকিছু নির্ভর করছে। সব টিকেট বিক্রি হয়ে গেছে। একটা ম্যাচের জন্য সবকিছুই একেবারে নিখুঁতভাবে প্রস্তুত।”
সবশেষ মুখোমুখি লড়াইয়ের ফলও সিটির জন্য বাড়তি প্রেরণার হতে পারে; গত মাসে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপ জয় করে গুয়ার্দিওলার দল।
এবারের লিগের প্রথম দেখায় অবশ্য দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।
সিটির জন্য একটা ভালো খবরও আছে। ওই কাপ ফাইনালে সিটির জোড়া গোলদাতা নিকো ও’রাইলি চোট কাটিয়ে আসছে ম্যাচ খেলতে প্রস্তুত, জানিয়েছেন গুয়ার্দিওলা।
