Published : 10 Sep 2026, 03:01 PM
লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করেছে দাপুটে জয়ে। আরও একবার চমৎকার পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেছেন লামিন ইয়ামাল। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক মনে করেন, ধারাবাহিকভাবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে যাওয়া এই ফরোয়ার্ডের জেতা উচিত এবারের ব্যালন দ’র।
ঘরের মাঠে বৃহস্পতিবার ফাইনর্টকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুটি গোলে অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল। ফ্রি কিক থেকে নিজেও জালের দেখা পেয়েছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে যা তার পঞ্চম গোল।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক অনুষ্ঠানে ব্যালন দ’র জয়ীর নাম ঘোষণা করা হবে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বার্সেলোনার আক্রমণের প্রাণ ইয়ামাল। গত মৌসুম যেখানে শেষ করিছেলেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছেন তিনি।
ফ্লিক মনে করেন, ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য এবার ব্যক্তিগত পুরস্কার পাওয়া উচিত ইয়ামালের।
“অবশ্যই সে আমার খেলোয়াড়, বার্সেলোনার একজন খেলোয়াড়। তার ব্যালন দ’র জেতা উচিত। আপনারা প্রতি ম্যাচেই দেখবেন, সে স্পেশাল। তার মতো আর কেউ নেই। আমি মনে করি, এটা তার প্রাপ্য।”
এবারের এক গোল ও দুই অ্যাসিস্ট মিলিয়ে বার্সেলোনার হয়ে গোলে ভূমিকা তিন অঙ্ক স্পর্শ করল। স্রেফ ১৯ বছর ৫৮ দিন বয়সে ৫৪ গোল করলেন, তিনি অবদান রাখলেন ৪৭ গোলে। সব মিলিয়ে ক্লাবের হয়ে ভূমিকা রাখলেন ১০১ গোলে।
গত মৌসুমে বার্সেলোনার লা লিগ জয় এবং স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন ইয়ামাল। ওই পারফরম্যান্স তাকে জায়গা করে দেয় ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায়।
এবারের লড়াই বেশ উন্মুক্ত। রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও উসমান দেম্বেলেসহ পিএসজির কয়েক জনের সঙ্গে কঠিন প্রতিযোগিতা হবে ইয়ামালের।