১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাস

রোলাঁ গারোঁয় গত দুইবারের শিরোপা জয়ী এই স্প্যানিশ তারকা কব্জির চোটে ভুগছেন।

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাস
কার্লোস আলকারাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 10:43 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

শঙ্কা জেগেছিল আগেই। সেটিই এবার সত্যি হলো। কব্জির চোটে আগামী মাসের ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা কার্লোস আলকারাস।

রোলাঁ গারোঁয় গত দুইবারের শিরোপা জয়ী শুক্রবার এই সিদ্ধান্ত জানান। ইতালিয়ান ওপেনেও খেলবেন না তিনি।

“আজকের পরীক্ষার ফলাফলের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সবচেয়ে যুক্তিসঙ্গত কাজ হবে সতর্কতা অবলম্বন করা এবং রোম ও রোলাঁ গারোঁয় অংশ না নেওয়া। (চোটের) অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে কোর্টে ফেরার সিদ্ধান্ত নেব আমরা।”

“আমার জন্য কঠিন মুহূর্ত এটি। তবে আমি নিশ্চিত, এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা।”

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আলকারাস চলতি মাসের শুরুতে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান এবং টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন।

স্ক্যানে দেখা যায়, সমস্যাটি প্রাথমিকভাবে যেমনটা ভাবা হয়েছিল তার চেয়েও গুরুতর। পরে মাদ্রিদ ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নেন এই স্প্যানিশ তারকা।

২২ বছর বয়সী আলকারাস রোলাঁ গারোঁয় টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ছিলেন। গত বছরের ম্যারাথন ফাইনালে বর্তমানে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ইয়ানিক সিনাকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি। ম্যাচটি স্থায়ী হয়েছিল পাঁচ ঘন্টা ২৯ মিনিট।

এই মাসের মাঝামাঝি মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে সিনারের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারান আলকারাস। 

ফরাসি ওপেন থেকে আলকারাস সরে দাঁড়ানোয় এখন সবচেয়ে ফেভারিট হিসেবে এই অভিযান শুরু করবেন সিনার। চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইতালিয়ান তারকা এখনও এই ট্রফির স্বাদ পাননি।