ভিনিসিউসের জোড়া গোলে আতলেতিকোর বিপক্ষে প্রতিশোধ রেয়াল মাদ্রিদের
রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে বার্সেলোনার ওপর চাপ ধরে রাখল লা লিগার সফলতম দলটি, তবে কাঁটা হয়ে এলো ভালভের্দের লাল কার্ড।
ম্যাচের প্রথমভাগে দারুণ খেলেও পিছিয়ে পড়ল রেয়াল মাদ্রিদ। বিরতির পর ঘুরে দাঁড়াল তারা। রোমাঞ্চকর লড়াইয়ে মোড় বদল হলো বারবার। শেষের বেশ খানিকটা সময় একজন কম নিয়েও খেলতে হলো তাদের। তবে লক্ষ্যে অবিচল থেকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয়ের আনন্দে ভাসল আলভারো আরবেলোয়ার দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তাদের আরেক গোলদাতা ফেদেরিকো ভালভের্দে।
ম্যাচের অধিকাংশ সময় আক্রমণে আধিপত্য করে রেয়াল। গোলের জন্য ১৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে, আতলেতিকোর ১২ শটের ছয়টি ছিল লক্ষ্যে।
আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রেয়াল। দারুণ পারফরম্যান্সে সেই ক্ষতে প্রলেপ দিতে পারল তারা। মাঝে অবশ্য স্প্যানিশ সুপার কাপেও একবার দিয়েগো সিমেওনের দলকে হারিয়েছিল রেয়াল মাদ্রিদ।
শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা জোরাল রাখতেও জয়ের বিকল্প ছিল না রেয়ালের। ২৯ ম্যাচ শেষে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
তিন নম্বরে ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৮। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।
দুই নগর প্রতিদ্বন্দ্বী দলের লড়াই শুরু থেকেই দারুণ জমে ওঠে। ভাগ্য সহায় হলে নবম মিনিটে এগিয়ে যেতে পারতো রেয়াল; কিন্তু ভালভের্দের শট পোস্টে বাধা পায়।
৩০২ দিনের মধ্যে প্রথম লা লিগার ম্যাচে খেলতে নেমে প্রথম আধা ঘন্টা বেশ নির্বিঘ্নে কেটে যায় আন্দ্রি লুনিনের। তবে ৩৩তম মিনিটে দারুণ গোছানো আক্রমণে তাকে পরাস্ত করেন আদেমোলা লুকমান। গিলিয়ানো সিমেওনের ব্যাকহিল পাস ছয় গজ বক্সের বাইরে ধরেই বল জালে ঠেলে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড।
গত ফেব্রুয়ারিতে আতালান্তা থেকে আতলেতিকোয় যোগ দিয়ে দলটির হয়ে এরই মধ্যে পাঁচ গোল করে ফেললেন লুকমান।
প্রথমার্ধে পজেশন ও আক্রমণে আধিপত্য করেও পিছিয়ে পড়া রেয়াল বিরতির পর দ্রুতই গোল পেয়ে যায়। ডি-বক্সে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা এবং ৫২তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ভিনিসিউস।
লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে অবশেষে গোলের খাতা খুললেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিকসহ গত তিন ম্যাচে চারটি গোল করা ভালভের্দে এদিন শুরু থেকেই ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। সমতায় ফেরার তিন মিনিটের মধ্যে দলকে তিনিই এগিয়ে নেন।
গোলটিতে যথেষ্ট দায় আছে এই অর্ধের শুরুতে বদলি নামা হোসে হিমেনেসের। ডি-বক্সে বল ক্লিয়ার করতে মুহুর্ত বিলম্ব করেন তিনি এবং সেই সুযোগ দ্রুত ছুটে গিয়ে তার থেকে বল কেড়ে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের মিডফিল্ডার।
৬৪তম মিনিটে একসঙ্গে এমবাপে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে বদলি নামান রেয়াল কোচ। এর পরপরই গোল হজম করে তারা।
অবিশ্বাস্য এক গোলে সমতা টানেন মোলিনা। ২৫ গজ দূর থেকে আর্জেন্টাইন ডিফেন্ডারের জোরাল শটে বল হাওয়ায় বাঁক খেয়ে দূরের পোস্টের ওপরের কোনা দিয়ে জালে জড়ায়। যদিও তাদের সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি।
দারুণ নৈপুণ্যে ৭২তম মিনিটে ফের দলকে এগিয়ে নেন ভিনিসিউস। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাস ধরে একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন তিনি।
গত বুধবার সিটির বিপক্ষেও জোড়া গোল করেন ভিনিসিউস। মৌসুমে সব মিলিয়ে তার গোল হলো ১৭টি।
এর একটু পরই প্রবল এক ধাক্কা খায় রেয়াল। আলেক্স বায়েনাকে পেছন থেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ভালভের্দে। রেফারির সিদ্ধান্ত রেয়ালের খেলোয়াড়রা যেন মানতেই পারছিলেন না।
লা লিগায় ২৬৩তম ম্যাচ খেলে প্রথম লাল কার্ড দেখলেন ভালভের্দে।
১০ জনে নামার কিছুক্ষণের মধ্যেই গোল খেতে বসেছিল রেয়াল, তবে ভাগ্য তাদের সহায় হয়। ডি-বক্সের বাইরে থেকে হুলিয়ান আলভারেসের শট পোস্টে বাধা পায়।
শেষ দিকে প্রবল চাপ তৈরি করে আতলেতিকো, আর ঘর সামলানোয় মনোযোগ দেয় রেয়াল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সরলথের হেড দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন লুনিন।
