‘দর বাড়াতে মুনাফা বেশি দেখিয়েছে ডেলটা স্পিনার্স’
শেয়ার দর বাড়ানোর জন্য ‘উদ্যেশ্যমূলকভাবে’ প্রকৃত তথ্য গোপন করে মুনাফা বাড়িয়ে দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেলটা স্পিনার্স লিমিটেড।
শেয়ার দর বাড়ানোর জন্য ‘উদ্যেশ্যমূলকভাবে’ প্রকৃত তথ্য গোপন করে মুনাফা বাড়িয়ে দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেলটা স্পিনার্স লিমিটেড।
স¤প্রতি ডেলটা স্পিনার্সের আর্থিক প্রতিবেদন এবং শেয়ারটির লেনদেনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গঠন করা একটি তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদনটি গত বৃহস্পতিবার ডিএসই পর্ষদ সভায় উপস্থাপন করা হয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠানো হয়েছে বলে ডিএসই সুত্রে জানা গেছে।
গত ১৪ আগস্ট থেকে ৪ অক্টোবর ৩১ কার্যদিবসের মধ্যে ডেলটা স্পিনার্সের শেয়ার দর প্রায় তিনগুণ বাড়ে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর ৫০ শতাংশ লভ্যাংশ ও বার্ষিক মুনাফা ঘোষণা করে কোম্পানিটি।
এরপর ৭ অক্টোবর ডেলটা স্পিনার্সের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও পুঁজিবাজারে শেয়ার লেনদেনের ধরন সন্দেহজনক মনে হওয়ায় তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে ডিএসই।
কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, “জুন ২০১২ সমাপ্ত বছরের জন্য ডেলটা স্পিনার্স শেয়ার প্রতি আয় (ইপিএস) বাড়িয়ে দেখিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল শেয়ার দর বাড়ানো এবং রাইট শেয়ারের মাধ্যমে টাকা তোলার প্রক্রিয়াকে প্রভাবিত করা।”
প্রতিবেদনে বলা হয়, জুন ২০১২ সমাপ্ত বছরে ডেলটা স্পিনার্স ইপিএস দেখিয়েছে ৩ টাকা ৬ পয়সা। প্রকৃতপক্ষে এ ইপিএস হবে ২ টাকা ৬৫ পয়সা।
ওই বছরের আগের তিনটি প্রান্তিকেও কোম্পানিটি ভুলভাবে ইপিএস দেখিয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর ফলে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ১২ (২) ধারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৮ ধারা লঙ্ঘন করেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ সব অনিয়মের বিষয়ে ডেলটা স্পিনার্সের কাছে তাদের অবস্থান জানতে চাওয়া হলে কোম্পানিটির তরফ থেকে কেনো জবাব পাঠানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ডিএসই তদন্ত প্রতিবেদনে আনা অভিযোগ অস্বীকার করেছেন ডেলটা স্পিনার্সের কোম্পানি সচিব এম মাসুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের নিরীক্ষিত হিসাবে কোনো মিসটেক নেই। কোনও কিছু বাড়িয়ে করা হয়নি।”
পুঁজিবাজারে ১৪ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত ডেলটা স্পিনার্সের শেয়ারের লেনদেনের ধরন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারটির দর বাড়ানোর জন্য একটি মার্চেন্ট ব্যাংক ও তিনটি ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীদের আইন বহির্ভূতভাবে সীমা অতিরিক্ত মার্জিন ঋণ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন বিনিয়োগকারীকে তার মূলধনের দ্বিগুন পর্যন্ত মার্জিন লোন দেওয়া গেলেও ডেলটা স্পিনার্সের শেয়ার কেনার জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো নিয়মের বেশি ঋণ দিয়েছে। এর ফলে মার্জিন রুল ১৯৯৯ ভঙ্গ হয়েছে।
ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ডেলটা স্পিনার্সের পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫৭ লাখ ৫২ হাজার টাকা। এটা দ্বিগুণ অর্থাৎ ৬১ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকায় উন্নীত করার জন্য ১৭ জুন একটি শেয়ারের বিপরীতে দুইটি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব করে।
প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা ইস্যু মূল্যের প্রস্তাব করা হয়।
এরপর ৩০ সেপ্টেম্বর লভ্যাংশ ঘোষণার সঙ্গে কোম্পানিটি জানায়, ৫০ শতাংশ স্টক লভ্যাংশ যোগ করলে কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়ায় ৪৫ কোটি ৮৬ লাখ ২৮ হাজার টাকা। এর ওপর একটি শেয়ারে বিপরীতে দুইটি রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন ৯১ কোটি ৭২ লাখ ৫৬ হাজার করার প্রস্তাব করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এক্ষেত্রেও রাইট শেয়ারের ইস্যু মূল্য ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা নির্ধারণ করা হয়।
এরপর ৫ নভেম্বর কোম্পানিটি জানায়, বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির শেয়ারধারীরা ৫ টাকা প্রিমিয়াম বাদ দিয়ে প্রতিটি রাইট শেয়ার অভিহিত মূল্য অর্থাৎ ১০ টাকায় ইস্যু করার প্রস্তাব করেছে।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেলটা স্পিনার্সের প্রতিটি শেয়ার গত ১৪ আগস্ট দিনশেষে মূল্য ছিল ১৬ টাকা ৩৫ পয়সা। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে ৩ অক্টোবর এটি সর্বোচ্চ ৪৭ টাকা ৫৩ পয়সায় লেনদেন হয়।
