২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের অর্থপাচারএসইসির প্রতিবেদনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করবে দুদক

পুঁজিবাজারের অর্থপাচারের ঘটনা তদন্তে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান চালাবে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অর্থপাচারের ঘটনা তদন্তে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান চালাবে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক কার্যালয়ে চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “কিছুদিন আগে এসইসি শেয়ারবাজারে কারসাজি সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। আমরা এই প্রতিবেদনটি দেখব এবং পর্যালোচনা করেই অনুসন্ধান পরিচালনা করা হবে।” ১৯ সেপ্টেম্বর এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমনিবাস অ্যাকাউন্টের মাধ্যমে পুঁজিবাজারে অনিয়ম হয়েছে। তবে এই অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কমিশন। এ বিষয়ে গোলাম রহমান বলেন, “অমনিবাস অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেট কারসাজি করে অর্থপাচারের আলামত পাওয়া গেছে। এসইসির রিপোর্টে যাদের নাম আছে, তারা সবাই দুদকের অনুসন্ধানের আওতায় পড়বে।” এর আগে ২০১০ সালে ডিসেম্বর থেকে পুঁজিবাজারে ধ্বস শুরু হলে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে এসইসি। ওই কমিটির প্রতিবেদনে শেয়ারবাজারে কারসাজির বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করে এ বিষয়ে আরো তদন্ত করতে এসইসিকে পরামর্শ দেয়া হয়েছিল। এরপর এসইসির তদন্তে পুঁজিবাজার সংশ্লিষ্ট কয়েকজনের অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে দুদকের অনুসন্ধানের সঙ্গে ইব্রাহিম খালেদের কমিটির দেওয়া প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করে দুদক চেয়ারম্যান বলেন, “আমরা এসইসির প্রতিবেদনটিকেই প্রাধান্য দিচ্ছি, ইব্রাহিম খালেদের প্রতিবেদনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” তিনি বলেন, “এতদিন পর্যন্ত দুদকের অনুসন্ধানের আওতায় শুধুমাত্র ব্যক্তি কর্মকর্তারা সংশ্লিষ্ট অভিযোগ ছিল। কিন্তু ২০১২ এর ১৬ জানুয়ারি থেকে কার্যকর হওয়া মানি লন্ডারিং আইনে পুঁজিবাজারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এইচএএইচ/এসইউ/২১২২ ঘ.