ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সক্ষমতা ও লোকবল বাড়ানোসহ পুঁজিবাজার সংস্কারে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি।
রোববার এসইসির সভায় এ পরিকল্পনা অনুমোদন করা হয় বলে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মহাপরিকল্পনার মধ্যে আরও রয়েছে, কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি অনুমোদন ছাড়া কমিশনের নিজস্ব অর্থে বাজেট প্রণয়নের ক্ষমতা, কমিশন ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো, কমিশনের জন্য অত্যাধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য দীর্ঘমেয়াদি বিধিমালা প্রণয়ন।
এছাড়াও পুঁজিবাজারের জন্য পরিকল্পনার মধ্যে রয়েছে, পুঁজিবাজারের জন্য স্বতন্ত্র ট্রাইব্যুনাল স্থাপন, নিরীক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন, আর্থিক শিক্ষা (ফাইন্যান্সিয়াল লিটারেসি) সংক্রান্ত জাতীয় নীতি প্রণয়ন, বেশিসংখ্যক ক্ষুদ্র বিনিয়োগকারীকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাঠামোর আওতায় আনা, স্টক এক্সচেঞ্জগুলোর বিন্যস্তকরণ (ডিমিউচুয়ালাইজেশন) প্রক্রিয়া সম্পন্ন করা, ডেরিভেটিভ মার্কেট প্রতিষ্ঠা, স্বতন্ত্র ক্লিয়ারিং করপোরেশন প্রতিষ্ঠা করা ও বন্ড মার্কেট প্রসার করা।
দশ বছর মেয়াদি এই পরিকল্পনার মেয়াদ ২০২২ সালে শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/২১০৮ ঘ.
bdnews24