ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের তথ্য পেতে সাংবাদিকদের তথ্য অধিকার আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশসহ তথ্য পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় অবাধে তথ্য পাওয়ার উপায় সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ উপদেশ দেন।
শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) ট্রেইনিং একাডেমিতে ‘ক্যাপিটাল মার্কেট ওরিয়েন্টেশেন প্রোগ্রাম ফর ইলেকট্রনিক মিডিয়া রিপ্রেজেন্টেটিভস’ শীর্ষক আলোচনায় এসব বিষয় উঠে আসে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে বর্তমানে শুধু প্রেস বিজ্ঞপ্তির মধ্যে তথ্য সরবরাহ সীমাবদ্ধ করা হয়েছে।
এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তথ্য না পেলে আপনারা তথ্য অধিকারের প্রয়োগ করতে পারেন। আজকাল বিভিন্ন বিষয়ে অনেক রিট হচ্ছে কিন্তু সে অনুপাতে তথ্য পাওয়ার অধিকারের বিষয়ে ততটা হচ্ছে না।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ডিএসইর সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ লালী ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোশাররফ এম হোসেন।
সাবেক উপদেষ্টা বলেন, “পুঁজিবাজারের স্বচ্ছতা বৃদ্ধির জন্য সাংবাদিকদের উচিত হচ্ছে তথ্যের ঘাটতি দূর করা। সঠিক বিনিয়োগর জন্য দরকারি অনেক তথ্য সাধারণ বিনিয়োগকারীদের কাছে পৌঁছে না।”
বিনিয়োগ থেকে সম্ভাব্য লাভ, বিনিয়োগের ঝুঁকি ও তারল্যের পরিমাপ সম্পর্কে নিশ্চিত হয়ে একটি সঠিক পরিকল্পনার ভিত্তিতে বিনিয়োগ করারও পরামর্শ দেন তিনি।
মির্জ্জা আজিজের মতে, ঝুঁকি কমাতে বিনিয়োগযোগ্য সম্পূর্ণ অর্থকে তিন ভাগ করে পুঁজিবাজারে, ঝুঁকিমুক্ত মেয়াদি হিসাবে এবং স্বর্ণ বা বাড়িঘড়ে বিনিয়োগ করা উচিত।
পুঁজিবাজারের স্বচ্ছতা বৃদ্ধির জন্য ‘হুইসেল ব্লোয়িং আইন’ করার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, “ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীকে তথ্য দেয়ার বর্তমান আইন সংস্কার করে তথ্য দেয়া বাধ্যতাকতামূলক করা দরকার।”
এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বিভিন্ন ইস্যু সামনে নিয়ে বাজারে গুজব ছড়ানো হয় এবং বাজারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে এক শ্রেণীর লোক বাজার থেকে ফায়দা লুটে নেন। সুতরাং যেকোনো গুজব থেকে সতর্ক থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এএল/২২৪২ ঘ.
bdnews24