২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেয়ার বিক্রিতে সংযত থাকবে ব্যাংক’

পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় বাণিজ্যিক ব্যাংকগুলো ‘আগ্রাসীভাবে’ শেয়ার বিক্রি করবে না বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় বাণিজ্যিক ব্যাংকগুলো ‘আগ্রাসীভাবে’ শেয়ার বিক্রি করবে না বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। বৃহস্পতিবার দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ডিএসই সভাপতি বলেন, “ব্যাংকগুলোকে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি না করার জন্য এবিবি নেতাদের অনুরোধ করেছি আমরা। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, অতীতের মতো তারা আর আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করবেন না।” “শেয়ার বিক্রিতে বাধা নেই। তবে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। শেয়ারবাজার ধ্বসের এটি একটি অন্যতম কারণ ছিল,” যোগ করেন রকিব। ২০১০ সালের ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতন শুরু হয়। ওই সময় ব্যাংকগুলোর হাতে থাকা ‘উল্লেখযোগ্য পরিমাণ’ শেয়ার বিক্রি করাকেই এর কারণ মনে করেন সংশ্লিষ্টরা। অবশ্য ২০১০ সালের ডিসেম্বরের আগেই দেশের কয়েকটি ব্যাংকের পুঁজিবাজারের বিনিয়োগ আইনি সীমা অতিক্রম করে এবং পুঁজিবাজার ‘অস্বাভাবিকভাবে’ ফুঁলে-ফেপে ওঠে। তখন ব্যাংকগুলোর বিনিয়োগ আইনি সীমার মধ্যে আনার জন্য চাপ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০১০ সালে আইনি সীমা অতিক্রম করলেও ২০১১ সালের পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ অনেক কমে আসে। ওই সময় ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেয়া হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সেখানেও ব্যাংকগুলোর জন্য বেশ কয়েকটি সুবিধা দেয়া হয়। রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিকল্প নেই। এবিবির নেতাদের সঙ্গে আজকের বৈঠকে বাজারের স্থিতিশীলতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবিবির সভাপতি নুরুল আমিন সাংবাদিকদের বলেন, “ব্যাংকগুলো দৈনিক ভিত্তিতে লেনদেনকারী (ট্রেডার) নয়, তারা বিনিয়োগকারী ও মার্কেট মেকার। ব্যাংকগুলো নিয়ম মেনে বিনিয়োগ সীমার মধ্যে থেকেই বাজারে বিনিয়োগ করে আসছে এবং বিনিয়োগ অব্যাহত রাখবে।” বাজারের ‘স্থিতিশীলতা রক্ষায়’ শেয়ারের চাহিদা অনুযায়ী সরবরাহের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এইচএএইচ/২০৩৭ ঘ.