ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় সূচক বাড়লেও লেনদেন শেষে তা কমেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়ে। তবে বেলা সাড়ে ১১টা থেকে সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৬৮২ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে এক দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৫০ পয়েন্ট কম।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৩০টির, কমে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম। লেনদেন হয় ৯৪৬ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে ২৩৬ কোটি টাকা কম।
সপ্তাহের চতুর্থ দিন বুধবার ডিএসই সূচক কমে ৪২ পয়েন্ট। এর আগে মঙ্গলবার সূচকে যোগ হয় ৩৭ পয়েন্ট। সোমবার ডিএসইর সাধারণ সূচক ৬৩ পয়েন্ট কমে। তার আগের দিন সূচকে যোগ হয়েছিল ১২১ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক মোট ২৪৭ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ১১৭ কোটি টাকা। তার আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১০৭ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৬ ঘ.
bdnews24