ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে মেঘ কাটার সুখবরের মধ্যেই সপ্তাহের প্রথম দিনে লেনদেনে ডিএসই সূচকে যোগ হয়েছে ১২১ পয়েন্ট।
রোববার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। পাঁচ মিনিটের মাথায় সূচক পৌঁছায় ৪ হাজার ৮৬৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৮৯ পয়েন্ট বেশি। লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৮০০ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ১২১ পয়েন্ট বেশি।
সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে এদিন। সারা দিনে হাতবদল হয় ১ হাজার ১০৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২৪১টির, কমে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম।
এর আগে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে হাতবদল হয় ১ হাজার ১১৮ কোটি টাকার শেয়ার। সূচকে যোগ হয় মাত্র ১ পয়েন্ট।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে কেবল সোমবার সূচক ১৬ পয়েন্ট কমে। ওইদিন হাতবদল হয় ৯৫১ কোটি টাকার শেয়ার।
এছাড়া বুধবার ৪৬ পয়েন্ট, মঙ্গলবার ৮৩ পয়েন্ট ও রোববার ১৩৪ পয়েন্ট বাড়ে ডিএসই সূচক। বুধবার হাতবদল হয় ১ হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড যা গত সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
গত চার সপ্তাহেই ৫০০ কোটি টাকার উপর লেনদেন হয়েছে ডিএসইতে। গত সপ্তাহে গড় লেনদেন ছিল ১ হাজার ১১৭ কোটি টাকা। আর এর আগের সপ্তাহে ছিল ৮১৩ কোটি টাকা।
ডিএসই সূচকে গত চার সপ্তাহে যোগ হয়েছে ৪২২ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সূচক ২৪৭ পয়েন্ট বাড়ে। আর আগের সপ্তাহে যোগ হয় ১০৭ পয়েন্ট। তবে তার আগের সপ্তাহে ১২২ পয়েন্ট কমে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৪৫০ ঘ.
bdnews24