ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে ‘গুজবে’ প্রভাবিত না হওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএসই সভাপতি রকিবুর রহমান।
‘বিনিয়োগকারীদের মাসিক সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক অনুষ্ঠানে রকিবুর রহমান বলেন, কোম্পানির মৌলভিত্তি যাচাই করে তবেই বিনিয়োগ করা উচিৎ।
ডিএসই ট্রেনিং একাডেমি বুধবার ওই অনুষ্ঠানের আয়োজন করে বলে বৃহস্পতিবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রকিবুর রহমান বলেন, “গুজবের কারণে সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারেন না- কখন শেয়ার কিনতে হবে এবং কখন বিক্রি করতে হবে। হুজুগে বা গুজবের ওপর নির্ভর করে বিনিয়োগ করলে বিনিয়োগকারী এবং বাজার উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।”
গত সাড়ে ১৩ মাসের মধ্যে বুধবার সর্বোচ্চ লেনদেন হয় ঢাকার পুঁজিবাজারে, যদিও এই হঠাৎ চাঙাভাবের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বাজার বিশ্লেষকরা।
তারা মনে করছেন, সাধারণ বিনিয়োগকারীরা বড় কোনো গোষ্ঠীর কার্যক্রমকে অনুসরণ করায় বাজার চাঙা হচ্ছে।
বুধবার ঢাকার পুঁজিবাজারে ১ হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়।
এর আগে সর্বশেষ ২০১১ সালের ৩১ জুলাই এর চেয়ে বেশি (১ হাজার ৩৪১ কোটি টাকা) লেনদেন হয়েছিল ডিএসইতে।
ঢাকার পুঁজিবাজারে গত তিন সপ্তাহ ধরেই ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। গত সপ্তাহের গড় লেনদেন ছিল ৮১৩ কোটি টাকা। এর আগের সপ্তাহে ছিল ৫৯৪ কোটি টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেনদেনের এ বৃদ্ধিকে ‘হার্ডিং বিহ্যাভিয়ার’ বলা যেতে পারে, অর্থাৎ যখন সাধারণ বিনিয়োগকারীরা বড় একটি গোষ্ঠীর যৌক্তক অথবা অযৌক্তিক আচরণকে নকল করে নিজেরাও একই আচরণ করে।”
গ্রাহকদের সচেতন করতে আয়োজিত অনুষ্ঠানে রকিবুর রহমান বলেন, “পুঁজিবাজার থেকে ভাল মুনাফা করতে হলে কোম্পানির মৌলভিত্তি, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদ ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর বিনিয়োগ করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৭২২ ঘ.
bdnews24