২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুঁজিবাজারের মামলা নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে’

পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইনের খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইনের খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, আইনের খসড়াটি এখন যাচাই বাছাইয়ের (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় তোলা হবে। সচিব বলেন, “ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এই আইনের খসড়ায় স্পেশাল ট্রাইব্যুনালের বিধান রাখা হয়েছে।” এছাড়া এদিন বৈঠকে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন - ২০১২’ এর খসড়ায় নীতিগত এবং ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর খসড়া অনুমোদন করা হয়েছে। মোশাররাফ হোসাইন জানান, ১৯৬৯ সালের অধ্যাদেশ সংশোধন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন ২০১২ প্রণয়ন করা হচ্ছে। এতে আইনের আওতাও বাড়ানো হচ্ছে। তিনি জানান, প্রস্তাবিত আইনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে তদন্তের জন্য তথ্য নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে নিতে হবে। মোশাররফ হোসেন ভূঁইঞা বলেন, “১৯৯৩ সালের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের মেয়াদ তিন থেকে চার বছর করার প্রস্তাব করা হয়েছে এতে।” “কমিশন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান থেকে যেন তথ্য নিতে পারে- সেজন্য তাদের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে খসড়ায়। এছাড়া কমিশন অন্যান্য দেশের কমিশনের সঙ্গেও তথ্য বিনিময় করতে পারবে”, যোগ করেন তিনি। ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রসঙ্গে সচিব বলেন, এর শিরোনাম হবে, ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়’। আর উপ শিরোনাম হবে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’। ইংরেজি নাম হবে ‘ন্যাশনাল ইন্টিগ্রিটি অব বাংলাদেশ’। প্রশাসনকে ‘পেশাদার’, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘নাগরিকবান্ধব’ এবং নির্বাহী বিভাগকে জনগণ ও সংসদের কাছে দায়বদ্ধ থাকার কথা বলা হয়েছে এই কৌশলপত্রে। এই কৌশলপত্র বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হবে। সচিব বলেন, “দাতাদের চাপে নয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্যই এটা করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩২৭ ঘ.