ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে হঠাৎ চাঙাভাবের সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না বাজার বিশ্লেষকরা।
তবে তারা মনে করছেন, সাধারণ বিনিয়োগকারীরা বড় কোনো গোষ্ঠীর কার্যক্রমকে অনুসরণ করায় বাজার চাঙা হচ্ছে। তবে এই অনুসরণের কোনো যৌক্তিক কারণ নেই।
বুধবার সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয় ঢাকার পুঁজিবাজারে। এদিন হাতবদল হয় ১ হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর আগে সর্বশেষ ২০১১ সালের ৩১ জুলাই বুধবারের চেয়ে বেশি (১ হাজার ৩৪১ কোটি টাকা) লেনদেন হয়েছিল।
গত তিন সপ্তাহেই ৫০০ কোটি টাকার ওপর লেনদেন হয়েছে ডিএসইতে। গত সপ্তাহে গড় লেনদেন ছিল ৮১৩ কোটি টাকা। এর আগের সপ্তাহে ছিল ৫৯৪ কোটি টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেনদেনের এ বৃদ্ধকে ’হার্ডিং বিহ্যাভিয়ার’ বলা যেতে পারে, অর্থাৎ যখন সাধারণ বিনিয়োগকারীরা বড় একটি গোষ্ঠির যৌক্তক অথবা অযৌক্তিক আচরণকে নকল করে নিজেরাও একই আচরণ করে।”
তবে আন্তর্জাতিক ঋণমাণ সংস্থা মুডি’স এর রেটিং, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ফেরার সম্ভাবনার খবর, বিদেশি সম্পদ ব্যবস্থাপক আসার সম্ভাবনার খবর বাজারকে প্রভাবিত করতে পারে বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক ঋণমাণ সংস্থা মুডি’স এর রেটিংয়ে বাংলাদেশের অর্থনীতি তৃতীয়বারের মতো বিএ-৩ রেটিং অর্জন করেছে, যা অর্থনীতির স্থিতিশীলতার স্বীকৃতি। মঙ্গলবার এ খবর প্রকাশের পর বুধবার ১ হাজার ২৮৮ কোটি টাকার লেনদেন হয় পুঁজিবাজারে।
বেশ কিছু দিন ধরে বিদেশি বিানয়োগকারী আসার সম্ভাবনার কথা বলছেন ডিএসই সভাপতি রকিবুর রহমান।
বাজারের ঊর্ধ্বমুখিতার বিষয়ে শার্প সিকিউরিটিজের পরিচালক সৈয়দ গোলাম ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কিছুদিন ধরে ব্রোকারেজ হাউসগুলোতে টাকা তোলার চেয়ে জমা করার প্রবণতাই বেশি ।
এই আচরণকে ‘চেইন ইফেক্ট’ অভিহিত করে তিনি বলেন, এক্ষেত্রে একজন থেকে তা অন্যজনে সম্প্রসারিত হচ্ছে।
এই অবস্থায় যে সব শেয়ারের দাম এখনো কম, তা কিনতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন গোলাম ওয়াদুদ।
বাজারের ঊর্ধ্বমুখী হওয়ার এই প্রবণতায় সন্দেহ প্রকাশ করে অধ্যাপক ওসমান ইমাম গত সপ্তাহে বলেছিলেন, লেনদেনের একটি বড় অংশ ৮-১০টি কোম্পানির শেয়ারের মধ্যে সীমাবদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২৩৩০ ঘ.
bdnews24