ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকও বেড়েছে সপ্তাহের চতুর্থ দিনে।
বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৬৭৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেশি।
এদিন ৩০ মিনিটেই লেনদেনের পরিমাণ দুশ’ কোটি টাকা ছাড়িয়ে যায়। দিন শেষে হাতবদল হয় ১ হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮৭টি শেয়ারের, কমে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম।
এর আগে সর্বশেষ ২০১১ সালের ৩১ জুলাই এর চেয়ে বেশি টাকার (১ হাজার ৩৪১ কোটি টাকা) লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সূচক ও লেনদেন দুটোই বাড়ে ডিএসইতে। দিন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৬৩২ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট বেশি। হাতবদল হয় ১ হাজার ৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২১৮টি শেয়ারের, কমে ৮২টির এবং ৫টির দাম অপরিবর্তিত থাকে।
আগের দিন সোমবার সূচক কমে ১৬ পয়েন্ট, হাতবদল হয় ৯৫১ কোটি টাকার শেয়ার। আর রোববার হাতবদল হয় ১ হাজার ১৩৬ কোটি টাকার শেয়ার, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। সেদিন ডিএসই সূচক বাড়ে ১৩৪ পয়েন্ট।
গত তিন সপ্তাহেই ৫০০ কোটি টাকার উপর লেনদেন হয়েছে ডিএসইতে। গত সপ্তাহে গড় লেনদেন ছিল ৮১৩ কোটি টাকা। আর এর আগের সপ্তাহে ছিল ৫৯৪ কোটি টাকা।
ডিএসই সূচকে গত তিন সপ্তাহে যোগ হয়েছে ১৭৫ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সূচক ১০৭ পয়েন্ট বাড়ে। আর আগের সপ্তাহে কমে ১২২ পয়েন্ট। তবে তার আগের সপ্তাহে বাড়ে ১৯০ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫০৫ ঘ.
bdnews24