ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্তির নীতিমালা এবং নতুন কোম্পানির প্রিমিয়াম নেয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
একই সঙ্গে তালিকাভুক্তির বিদ্যমান ক্যাটাগরিগুলোর সঙ্গে ‘পি’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।
সোমবার বিকেলে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে ডিএসই সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “বিষয়গুলো শিগগিরই প্রস্তাব আকারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হবে। এসইসির অনুমোদনের ভিত্তিকে এগুলো কার্যকর করা হবে।”
রকিবুর রহমান বলেন, “বাজারে তালিকাভুক্ত সবচেয়ে ভালো কোম্পানিগুলোই নতুন যুক্ত হতে যাওয়া ‘পি’ ক্যাটাগরিতে স্থান পাবে।”
“তবে এজন্য শর্ত হিসেবে কোম্পানিগুলোকে ৩০ শতাংশ লভ্যাংশ দিতে হবে। আর্থিক বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে নিরীক্ষিত আর্থিক বিবরণী পাশ করাতে হবে এবং চার মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে হবে।”
এ ছাড়াও কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) অনুযায়ী হতে হবে এবং তাদেরকে এসইসির করপোরেট গভর্নেন্স গাইডলাইন পুরোপুরি পরিপালন করতে হবে বলে জানান তিনি।
তবে জীবন বীমা কোম্পানিগুলোকে ছয় মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন পাস করিয়ে সাত মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে হবে।
কোনো কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস পর পর দুই বছর ঋণাত্বক হলে ওই কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে নেবে আসবে।
প্রিমিয়াম নিয়ে নতুন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে ডিএসই সভাপতি বলেন, কোনো কোম্পানি ১৫ টাকা প্রিমিয়াম নিতে চাইলে কোম্পানির ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য, ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের, ১০ শতাংশ মিউচুয়াল ফান্ডগুলোর এবং বাকি ৩০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের জন্য বরাদ্দ রাখতে হবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের বরাদ্দকৃত অংশের লেনদেন ৩০ দিন বন্ধ রাখতে হবে।
তবে ১৫ টাকার বেশি প্রিমিয়াম নেয়ার ক্ষেত্রে সংশ্লি¬ষ্ট কোম্পানির ২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। বাকি ৭৫ শতাংশের মধ্যে ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের, ১০ শতাংশ মিউচুয়াল ফান্ডগুলোর এবং ৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের জন্য বরাদ্দ রাখতে হবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের জন্য বরাদ্দকৃত অংশের লেনদেন ৯০ দিন বন্ধ থাকবে।
এ ছাড়া উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেবল ব্লক মার্কেটে বিক্রি করতে হবে বলে জানান তিনি।
তালিকাভুক্তির বিষয়ে রকিবুর রহমান আরো বলেন, তালিকাভুক্তির সময় কোনো আইপিও কোম্পানির প্রসপেক্টাসে আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয়ের যে সব খাত দেখানো হয়েছিল তা পরবর্তী তিন বছরের আর্থিক প্রতিবেদনের রাখতে হবে। আইপিওর অর্থ যে ব্যাংকের মাধ্যমে তোলা হবে সেই ব্যাংককেই অর্থ খরচের সার্টিফিকেট দিতে হবে। এক্ষেত্রে সেবা খাত ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান আইপিওর ৩০ শতাংশ অর্থ ঋণ পরিশোধ করতে পারবে। বাকি ৭০ শতাংশ অর্থ কোম্পানির পরিধি বাড়াতে ব্যয় করতে হবে।
আইপিওর প্রসপেক্টাস জমা দেওয়ার সময় করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন অনুযায়ী একজন স্বাধীন পরিচালকের নাম এসইসিতে জমা দিতে হবে, যার হিসাববিজ্ঞান সম্পর্কে সম্মক ধারণা থাকতে হবে। একইসঙ্গে ওই পরিচালককে কোম্পানির নিরীক্ষা কমিটির প্রধান হতে হবে।
এ ছাড়া কোম্পানির হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবশ্যই নিবন্ধিত অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। আর প্রসপেক্টাসে উল্লি¬খিত কোম্পানি ও এর পরিচালনা পর্ষদের সদস্যদেরকে আগের পাঁচ বছরের কর পরিশোধের তথ্য দিতে হবে।
এ ছাড়া আন্ডার রাইটার বা অবলেখকদের ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং তারা নিজেদের পরিশোধিত মূলধনের পাঁচগুণের বেশি আন্ডাররাইট করতে পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফআর/এইচএএইচ/২২১৭ ঘ.
bdnews24