২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারের আচরণ পরিণত: রকিব

পাঁচ মাস পর হাজার কোটি টাকা ছাড়ানো লেনদেনকে বাজারের ‘অত্যন্ত পরিণত’ আচরণ বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ মাস পর হাজার কোটি টাকা ছাড়ানো লেনদেনকে বাজারের ‘অত্যন্ত পরিণত’ আচরণ বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাজারের এ স্থিতিশীলতাকে ধরে রাখার জন্য ক্ষুদ্র, বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, স্টক ডিলার ও ব্রোকারসহ সংশ্লিস্টদের সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে।’’ সাত নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের দিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর আগে সর্বশেষ গত ১৫ এপিল এর চেয়ে বেশি (১ হাজার ২০১ কোটি টাকা) টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে। রোববার ডিএসই সাধারণ সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে হয় চার হাজার ৫৬৫ পয়েন্ট। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। রকিবুর রহমান বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানীতে লেনদেন এক হাজার কোটি টাকা অতিক্রম করেছে। বাজার এখন অনেক স্থিতিশীল।” ২০১০ সালের পাঁচ ডিসেম্বর ডিএসইতে তিন হাজার ২৪৯ কোটি টাকার শেয়ার ও মিউচয়াল ফান্ড লেনদেন হয়। এরপরই শুরু হয় দরপতন। একইসঙ্গে কমতে থাকে লেনদেনও। দেড় মাসের ব্যবধানে ২০১১ সালের ২৫ জানুয়ারি লেনদেন নেমে আসে ২০৬ কোটি টাকায়, অবশ্য এর দুদিনের মাথায়ই আবার লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। এরপর গত বছরের ২৪ জুলাই এক হাজার ৯৫৭ কোটি টাকা লেনদেন হওয়ার পর আবার নীচের দিকে নামতে থাকে লেনদেন। ১১ নভেম্বর তা নেমে আসে ১৮১ কোটি টাকায়। চলতি বছর ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন দিয়ে শুরু হলেও এক হাজার কোটি টাকা অতিক্রম করতে চার মাস লেগে যায়। ১২ এপ্রিল লেনদেন হয় এক হাজার ৭৮ কোটি টাকার। এর পরের তিন কার্যদিবস হাজার কোটি টাকার ওপর লেনদেন হয়েই তা আবার কমতে শুরু করে। ২১ জুন ১১৮ কোটি টাকার লেনদেন হয়, যা ২০০৮ সালের ১৭ ডিসেম্বরের পর সর্বনিু। লেনদেনের এধারা অব্যাহত থাকবে কিনা জানতে চাওয়া হলে রকিবুর বলেন, “বাজার অত্যন্ত ম্যাচিউরড বিহ্যাব করছে। হঠাৎ করেই বড় উত্থান-পতন হবে বলে মনে হয় না।” তিনি বলেন, “বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্বশীল হতে হবে।” “২০১০ সালে একসঙ্গে সব শেয়ার বিক্রি করা হয়েছিল। এটা পৃথিবীর কোথাও হয় না। ওইরকম আচরণ করা থেকে বিরত থাকা উচিৎ।” বিনিয়োগকারীদের উদ্দেশে ডিএসই সভাপতি বলেন, “সব ধরণের হুজুগ, গুজব ও আবেগ থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্লেষণ করে ভালো শেয়ার কিনে তা ধরে রাখার সক্ষমতা থাকতে হবে।” পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে বলেও জানান রকিবুর রহমান। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৯০০ ঘ.