ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা মানতে ব্যর্থ হয়ে যেসব পরিচালকের পদ শূন্য হয়েছে, তাদের পূর্ণাঙ্গ তালিকা কমিশনের পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।
বুধবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসইসি।
এতে বলা হয়েছে, গত ২৮ জুন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পরিচালকদের শুন্য পদের তালিকা চাওয়া হয়েছিল। ২৩৮টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২৩৩টি কমিশনে তথ্য জমা দিয়েছে।
যারা তথ্য দেয়নি, তাদের মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি রয়েছে, যাদের কোনো উদ্যোক্তা পরিচালক নেই।
“বিস্তারিত আলোচনার পরে অবশিষ্ট ২৩৩ কোম্পানির পরিচালক, যারা এসইসির নির্দেশ পরিপালনে ব্যর্থ হয়েছেন, তাদের বিষয়ে প্রাপ্ত তথ্য অধিকতর পরীক্ষা-নিরীক্ষা পূর্বক পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে পরবর্তী কমিশন সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।”
সাধারণত প্রতি সপ্তাহের মঙ্গলবার নিয়মিত বৈঠকে বসে কমিশন।
তথ্য না দেওয়া কোম্পানিগুলোর বিষয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি রাষ্ট্রায়াত্ত কোম্পানিকে ‘সতর্ক’ করে চিঠি দেয়া হবে। তিনটি কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও এসইসির ‘এনফোর্সমেন্ট’ বিভাগকে নির্দেশ দেয়া হবে।
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ২২ নভেম্বর এসইসি এক প্রজ্ঞাপণ জারি করে, যাতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক উদ্যোক্তা পরিচালকের হাতে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
ওই নির্দেশনা পালনের জন্য এসইসির বেঁধে দেয়া সময় শেষ হয় গত ২১ মে। বেশ কয়েকজন পরিচালক এর বিরুদ্ধে উচ্চ আদালতে গেলেও আদালতের রায় যায় এসইসির নির্দেশনার পক্ষে।
কমিশনের বুধবারের সভায় বিএসআরএস মিউচুয়াল ফান্ড ও আইসিবি পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের মেয়াদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24