ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনে প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বেড়েছে সাধারণ সূচকও।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সাধারণ সূচক বাড়তে থাকে। দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৪১৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেশি।
সারাদিনে হাতবদল হয় ৯৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮৮টির, কমে ৬৬টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
এর আগে গত ১৮ এপ্রিল এ বাজারে ৯৯১ কোটি টাকার লেনদেনে হয়েছিল।
সোমবার ডিএসই সূচক ২৭ পয়েন্ট কমলেও লেনদেন হয় আগের দিনের চেয়ে বেশি। লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৩৫৭ পয়েন্ট নিয়ে। হাতবদল হয় ৭৫৯ কোটি টাকার শেয়ার, যার মধ্যে দাম বাড়ে ৭৮টির, কমে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার এ বাজারে সূচক বাড়ে ৬০ পয়েন্ট। হাতবদল হয় ৬১০ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম তিন দিন সূচক উঠলেও শেষ দুদিনের পতনে মোট ১২২ পয়েন্ট হারায় ডিএসইর সাধারণ সূচক। এর আগের সপ্তাহে সূচক বেড়েছিল ১৯১ পয়েন্ট।
গত সপ্তাহে লেনদেন হয়েছে প্রায় ২ হাজার ৯৭১ কোটি টাকার শেয়ার, তার আগের সপ্তাহে যা ৩ হাজার ২২৭ কোটি টাকা ছিল।
অবশ্য গত দুই সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫০৬ ঘ.
bdnews24