ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনও সূচক ও লেনদেন কমেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করলেও আধা ঘণ্টার মাথায় তা পড়তে থাকে। দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৩২৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কম।
সব মিলিয়ে এ সপ্তাহে সূচক কমেছে ১২২ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে ১৯১ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার সারাদিনে হাতবদল হয় ৫২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড যা গত ৯ কর্ম দিবসের মধ্যে সবচেয়ে কম। এর মধ্যে দাম বাড়ে ৬৩টির, কমে ১৭৭টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
এ সপ্তাহে লেনদেন হয়েছে প্রায় ২ হাজার ৯৭১ কোটি টাকা, যা গত সপ্তাহে ৩ হাজার ২২৭ কোটি টাকা ছিল।
আগের দিন বুধবারও এ বাজারে সূচক ও লেনদেন কমে। দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৩৭১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১১০ পয়েন্ট কম। হাতবদল হয় ৬১২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
এর আগে মঙ্গলবার ডিএসই সূচকে ৫ পয়েন্ট, সোমবার ২৪ পয়েন্ট এবং রোববার ৬ পয়েন্ট যোগ হয়। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে বাড়ে মোট ১৯১ পয়েন্ট।
গত সপ্তাহ থেকে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫১৫ ঘ.
bdnews24