ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এক গুচ্ছ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এছাড়া বিও (বেনিফিশিয়ারি ওনার) হিসাব নবায়নের ক্ষেত্রে ফি মওকুফের প্রস্তাব অনুমোদন দিয়েছে ডিএসই পরিচালনা পর্ষদ।
সোমবার বিকেলে অনলাইন গণমাধ্যমের কয়েকজন সাংবাদিককে ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, “পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে। বাজার থেকে টাকা তুললে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া জনগণের অর্থ নেওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানিকে ভবিষ্যতে মুনাফা করার বিষয়ে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে।”
কোম্পানিগুলোর স্বচ্ছতা বাড়াতে তাই ডিএসই পরিচালনা পর্ষদ বিভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্তির শর্ত পরিবর্তন করছে বলে তিনি জানান।
“বর্তমানে ১০ শতাংশ লভ্যাংশ দিলে ও প্রতিবছর বার্ষিক সভা করলে ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভূক্ত হওয়া যায়। আমরা এটা পরিবর্তন করতে চাই। কারণ আমাদের মনে হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত হওয়ার জন্য এ দুটি শর্ত যথেষ্ট নয়।”
ডিএসই সভাপতি মনে করেন ‘এ’ ক্যাটাগরির ক্ষেত্রে ন্যূনতম ২০ শতাংশ লভ্যাংশ, প্রকৃত প্রবৃদ্ধি, কমপ্ল্যায়েন্স ইস্যুসহ অন্তত পাঁচটি বিষয় আমলে নেওয়া দরকার।
“আর বাজার থেকে অর্থ সংগ্রহ করতে হলে কোম্পানিগুলোকে অবশ্যই তিন বছর ‘এ’ ক্যাটগরিতে থাকতে হবে।”
এসব প্রস্তাব অনুমোদনের জন্য বুধবার ডিএসই পর্ষদ বৈঠকে তোলা হবে বলেও জানান তিনি।
ডিএসইর অন্যান্য সংস্কার প্রস্তাব সম্পর্কে রকিবুর রহমান জানান, কোনো কোম্পানি লোকসান করলে তার কারণ ডিএসইকে ব্যাখ্যা করতে হবে, অর্থ সংগ্রহের সময় ছাড়া সম্পদ পূর্ণমূল্যায়ন করতে হবে অন্তত তিন বছর পরপর, রাইট শেয়ার অনুমোদন হলে উদ্যোক্তা, পরিচালকদের অর্থ আগে জমা দিতে হবে এবং পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হলে অন্তত ৫০ শতাংশ শেয়ার উদোক্তা ওপরিচালকদের কাছে থাকতে হবে।
রকিবুর রহমান বলেন, “কোনো কোম্পানি আইপিওর প্রসপেক্টাসে বানোয়াট তথ্য দিয়ে অর্থ সংগ্রহ করলে এর সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে।”
এসব প্রস্তাব বাস্তবায়ন করা গেলে এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাজার তার নিজস্ব গতি ফিরে পাবে বলে মনে করেন ডিএসই সভাপতি।
বিও হিসাব নবায়ন ফি কমানোর প্রস্তাব
বিও হিসাবের নবায়নের ফি মওকুফের বিষয়টি ইতোমধ্যে ডিএসই পর্ষদ সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান রকিবুর।
তিনি জানান, বর্তমানে একজন বিনিয়োগকারীকে প্রতিবছর ৫০০ টাকা করে বিও হিসাব নবায়নের ফি দিতে হয়। এর মধ্যে পিএসই সদস্য ১০০ টাকা, সিডিবিএল ১৫০ টাকা, সরকার ২০০ টাকা এবং এসইসি ৫০ টাকা পেয়ে থাকে।
ডিএসই সভাপতি বলেন, “আমাদের ১০০ টাকা ইতোমধ্যে মওকুফ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। সিপিবিএলকেও তাদেরটা মওকুফ করার অনুরোধ জানানো হয়েছে। সরকার ও এসইসিকেও তাদের অর্থ মওকুফ করার জন্য আমরা অনুরোধ করবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১৮৩০ ঘ.
bdnews24