ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও অন্যান্য ছুটি মিলিয়ে ১১ দিন বন্ধ থাকার পর প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ঢাকার পুঁজিবাজারে।
দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২ দশমিক ৯৮ শতাংশ বা ১২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৩ পয়েন্ট হয়েছে।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২৪৩টির, কমে ২৪টির এবং অপরিবর্তিত ছিল ৪টির দাম। হাতবদল হয় ৫২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল গত ২৬ এপ্রিল। সেদিন লেনদেন হয়েছিল ৬১৪ কোটি টাকা।
ঈদের আগের শেষ কর্মদিবসে ডিএসই সূচকে যোগ হয়েছিল ৪৭ পয়েন্ট। হাতবদল হয় ৩৬২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
জাতীয় শোক দিবস, শব ই কদর, ঈদ উল ফিতর ও অন্যান্য ছুটি মিলিয়ে ১৫ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ১১ দিন পুঁজিবাজার বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০০ ঘ.
bdnews24