২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদারকিতে দুর্বলতা: সিডিবিএলকে সতর্ক করবে এসইসি

দুর্বল তদারকির জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বল তদারকির জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি। বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সার্ভারে সমস্যা তৈরি হওয়ার বিষয়টি কমিশনকে যথাসময়ে অবহিত না করার জন্য এবং দুর্বল তদারকিরর জন্য সিডিবিএলকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এ ছাড়াও ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিডিবিএল পরিচালনা পর্ষদকে নির্দশনা দেবে কমিশন। সিডিবিএলের সার্ভারে সমস্যা হওয়ায় ৩০ জুলাই দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে বিষয়টির তদন্তের জন্য ৩১ জুলাই একটি কমিটি গঠন করা হয়। ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে চার সদস্যবিশিষ্ট ওই কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিল কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এমআই/১৯২০ ঘ.