ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিনের লেনদেনেও সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমতে থাকে। দিন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ২০৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৫৫টির, কমে ১৯৫টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
গত সপ্তাহের প্রতিটি কর্মদিবসেই সূচক কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সব মিলিয়ে গত সপ্তাহে সূচক কমে ৪.৩৫ শতাংশ বা প্রায় ১৮৬.২৭ পয়েন্ট।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে।
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, বিএসসিসিএল, গ্রামীণফোন, আর এন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিক্স, সায়হাম কটন, যমুনা অয়েল ও এনবিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, শমরিতা হাসপাতাল, আইসিবি এএমসিএল ১ম মিউচুয়াল ফান্ড, আমড়া টেকনোলজি, বিএসসিসিএল, এইমস ১ম মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, সায়হাম কটন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ৫ম আইসিবি ও ইউনিক হোটেল।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মুন্নু স্টাফলার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, আইএফআইসি, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, স্টাইলক্রাফট, রিলায়েন্স ইন্সুরেন্স, এশিয়ান ইন্সুরেন্স, শ্যামপুর সুগার, বাটা সু ও ফু-ওয়াং ফুডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬৫১ ঘ.
bdnews24