ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনও সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এ নিয়ে সপ্তাহের প্রতিটি কর্মদিবসেই সূচক কমলো।
বৃহস্পতিবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়লেও আধ ঘণ্টা পর থেকে তা কমতে থাকে। দিন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ২১০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৪২টির, কমে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ৪১ পয়েন্ট। হাতবদল হয় ১৯৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সিডিবিএল সার্ভারে সমস্যার কারণে দেশের পুঁজিবাজারে মঙ্গলবারের লেনদেন বন্ধ থাকে।
সপ্তাহের দ্বিতীয় দিন সাধারণ সূচক প্রায় ৭৫ পয়েন্ট কমে। রোববার সূচক কমে প্রায় ৫০ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে। এর আগের সপ্তাহে সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১৭ ঘ.
bdnews24