ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দুটো কোম্পানিরই মুনাফা গত বছরের তুলনায় কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আর্থিক বিবরণীর তথ্য প্রকাশ করা হয়।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৪০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ২ কোটি টাকা কম।
বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১৪ কোটি টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৮ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ৩ কোটি ৬৩ লাখ টাকা বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭০৪ ঘ.
bdnews24