২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধির সঙ্গে বেমানান ঢাকার পুঁজিবাজার

২০১০ সালে বিশ্বের ‘ভালো’ পুঁজিবাজারগুলোর মধ্যে একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন বাংলাদেশের প্রবৃদ্ধির পথে থাকা অর্থনীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালে বিশ্বের ‘ভালো’ পুঁজিবাজারগুলোর মধ্যে একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন বাংলাদেশের প্রবৃদ্ধির পথে থাকা অর্থনীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাপক পতনে আগের বছরের অর্জন মুছে গেছে। বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাক্সোটিক্সের ইকুইটিস বিভাগের প্রধান প্যাট্রিক নেলসন বলেন, ২০১০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিদিনের লেনদেন ছিল ২০ কোটি ডলার, যা উন্নয়নশীল দেশের বাজারের জন্য চমৎকার। কিন্তু ২০১১ সালে এ চিত্র পুরো পাল্টে যায়। এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের ব্যবস্থাপনা সহযোগী ইফতি ইসলাম বলেন, “শেয়ারবাজারের নড়বড়ে অবস্থা বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক স্থিতিশীল অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” শেয়ারবাজারের বিপর্যযের মধ্যেই বাংলাদেশ ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং আইএমএফ ২০১২ সালের জন্য ৫.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ইস্পাহানি অ্যাডভাইজরির প্রধান নির্বাহী ইরাজ ইস্পাহানির মতে, “স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে বিনিয়োগের নির্দেশক হিসেবে সংকীর্ণ।” এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর চেয়ে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক সংকট ভালোভাবে মোকাবেলা করেছে। কিন্তু পুঁজিবাজারে এ চিত্র দেখা যায় না। ২০০৭ থেকে ২০১০ সালে শেয়ারবাজার যখন উঠছিল ব্যাংকগুলো তখন শেয়ার কিনতে শুরু করে। শেয়ারের দাম বাড়তে থাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বাজারে ভিড় জমায়। ইফতি ইসলাম জানান, ২০০৭ সালের ৫ লাখ বিও অ্যাকাউন্ট ২০১০ সালে ৩৫ লাখে দাঁড়ায়। কিন্ত বাড়তে থাকা মূল্যস্ফীতি আর শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের মতো কেন্দ্রীয় ব্যাংকের কঠোর সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ উঠিয়ে নিতে শুরু করে। এতে লেনদেনের পরিমাণ কমে যায়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা পথে বসে। এক্সোটিকসের প্রধান অর্থনীতিবিদ স্টুয়ার্ট কালভেরাউস বলেন, “এ ঝড়ের পর কিছুটা শান্তি বিরাজ করছে। মুল্যস্ফীতি গত বছরের ১২ শতাংশ থেকে ৯ শতাংশে নেমেছে এবং টাকার মান স্থিতিশীল রয়েছে।” সামষ্টিক অর্থনীতির চাপ মোকাবেলা করতে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ১০০ কোটি ডলারের ঋণ পেয়েছে যা বিদেশি বিনিয়োগকারীদের দুশ্চিন্তা কমিয়েছে। একই সময়ে সাধারণ বাংলাদেশিরা বিশেষ করে নারীরা দেশীয় প্রবৃদ্ধি বাড়াতে ভুমিকা রেখেছে। ইস্পাহানি বলেন, নারীরা বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পে মূল ভূমিকা রাখছে। একই সঙ্গে ক্ষুদ্রঋণের ফলেও নারীরা উপকৃত হয়েছে। অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ জোরালোভাবে বেড়েছে। এছাড়া ওষুধ, প্রকৌশল ও জাহাজ নির্মাণ শিল্প বহুমুখী হয়েছে। ইফতি ইসলাম বলেন “বাংলাদেশের প্রায় ৬৫ শতাংশ করপোরেট প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। তবে বেশকিছু কোম্পানি আইপিও ছাড়ার চিন্তা করছে। তিনি আশা করেন, অনেক চ্যালেঞ্জের মধ্যেই আগামী ১-২৪ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগ ৮-১০ শতাংশ বাড়বে। এর সঙ্গে স্থানীয়ভাবে বিনিয়োগ বাজারে ভারসাম্য আনবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এসইউ/১৪০৫ ঘ.