ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের উন্নয়নে নতুন আইন প্রণয়ণ করা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে খায়রুল হোসেন বলেন, “পুঁজিবাজারের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বেশ কিছু আইন সংশোধন, পরিবর্ধন ও উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া নতুন করে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু আইন প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে।”
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সম্মেলন কক্ষে ফিনান্সিয়াল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসইসি চেয়ারম্যান বলেন, “এসইসিতে আগামী অক্টোবরের মধ্যে সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করা হবে।”
দেশের দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ডিমিউচুয়ালাইজেশনের প্রস্তাবিত আইনের খসড়া পাওয়ার পর এ ব্যাপারে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকদের উদ্দেশে খায়রুল হোসেন বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকেরা কোম্পানির আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করেছেন। সাংবাদিকদের উচিত হবে কেউ অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তা জাতির সামনে তুলে ধরা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুল হান্নান জোয়ার্দ্দার, পরিচালক (প্রশাসন ও অর্থ) মনসুর আহমেদ, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হারুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২৯ ঘ.
bdnews24