ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের সবচেয়ে বড় বাজার মূলধনের কোম্পানি গ্রামীণফোন।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিটি এ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ পর্যন্ত অর্ধ-বার্ষিক মুনাফা থেকে এই অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেন। এর জন্য রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে ৩১ জুলাই।
স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) গ্রামীণফোন করপরবর্তী মুনাফা করেছে ৪৪৬ কোটি ৩৬ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮৯ কোটি ৮৯ লাখ টাকা।
মুনাফা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৯ পয়সা।
চলতি বছরের অর্ধ-বার্ষিক (জানুয়ারি থেকে জুন) আর্থিক প্রতিবেদন অনুযায়ী গ্রামীণফোন করপরবর্তী মুনাফা করেছে ৯৬৬ কোটি ৭৩ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬৭৬ কোটি ৬৪ লাখ টাকা।
ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ১ পয়সা।
গত বছর শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল গ্রামীণফোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৪৯ ঘ.
bdnews24