ঢাকা, ১৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের তহবিল যোগানোর সঙ্গে জড়িত থাকার সন্দেহের খবর প্রকাশের পরদিনই পুঁজিবাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি শেয়ারের মধ্যে দাম কমেছে মাত্র ৯টির। সব কটি ব্যাংকের দাম বাড়লেও ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে ছিল ভিন্ন চিত্র।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনে অর্থ যোগানোর অভিযোগ থাকলেও এইচএসবিসি এসব ব্যাংককে আর্থিক সেবা দিয়েছে।
মুদ্রানীতি ঘোষণার দিন ডিএসইতে সাধারণ সূচক ৩ দশমিক ৮৬ শতাংশ বা ১৫৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ১৮৩ পয়েন্ট।
বাংলাদেশ ইসলামী ব্যাংকের শেয়ারের দাম কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম কমেছে ১ দশমিক ০১ শতাংশ ।
এদিকে সন্ত্রাসীদের অর্থ যোগানের অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বুধবার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, “২০০৫ ও ২০০৭ সালে এ রকম ঘটনায় বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছিল। আমরা এইচএসবিসি ব্যাংকের ভুমিকা খতিয়ে দেখছি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২৩৩০ ঘ.
bdnews24